ফরিদা ইয়াসমীন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৮ দিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সংগীতশিল্পী ফরিদা ইয়াসমীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ফরিদা ইয়াসমীনের পুত্রবধূ মাছুমা খাতুন বলেন, ‘কিডনি-সংক্রান্ত জটিলতায় ২১ জুলাই আমার শাশুড়িকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তাঁর হার্ট অ্যাটাক হয়। একটা পর্যায়ে তিনি কোমায় চলে যান। কোমায় থাকা অবস্থায় তিনি মারা যান।’
মাছুমা খাতুন জানান, ফরিদা ইয়াসমীনের মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে। আজ সকাল ১০টায় তাঁর মরদেহ সেগুনবাগিচার বাসায় আনা হবে। তারপর বাসার পাশের মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
ফরিদা ইয়াসমীন ১৯৪০ সালের ৩ ফেব্রুয়ারি কলকাতার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাহিত্যিক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন তাঁর স্বামী। পাঁচ বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন ছিলেন সবার বড়। তাঁর অন্য দুই বোন নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীন জনপ্রিয় সংগীতশিল্পী। বেশ কয়েক বছর আগে নীলুফার ইয়াসমীন মারা গেছেন।
প্লেব্যাক শিল্পী হয়ে ফরিদা ইয়াসমীন পাঁচ বছরের বেশি সময় সংগীতজগতের সঙ্গে যুক্ত থাকতে পারেননি। গত শতাব্দীর ষাটের দশকে অসাধারণ কয়েকটি গান গেয়ে তিনি জয় করে নিয়েছিলেন মানুষের মন। সেই জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল: ‘ফুলের হাওয়া লাগল’, ‘তুমি জীবনে মরণে আমায় আপন করেছ’ এবং ‘সায়ান বেদার্দি মেরা দার্দ না জানে রে।’ শেষ গানটি সুপারহিট উর্দু ছবি চান্দায় ব্যবহৃত হয়েছিল। যখন জনপ্রিয় হয়ে উঠছেন, সে সময়েই তিনি সংগীতজগৎকে বিদায় জানান।
২০০৮ সালে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ফরিদা ইয়াসমীন বলেছিলেন, ‘আমি প্লেব্যাক করা শুরু করি বিয়ের আগে। আমার স্বামীও তখন তাঁর ক্যারিয়ার গড়ে তোলার জন্য সংগ্রাম করে চলেছিলেন। ফলে সংসার ও ক্যারিয়ারের মধ্যে আমাকে যেকোনো একটি বেছে নিতে হতো। আমি সংসারকে বেছে নিয়েছিলাম।’
ফরিদা ইয়াসমীনের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শোক প্রকাশ করেন।