লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে অসামান্য ভূমিকা রাখা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের স্বেচ্ছাসেবক ক্যাটাগরিতে দেশের একক ও এশিয়ায় যৌথভাবে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত সোমবার উপজেলার গেন্দুকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ফরিদা ইয়াসমিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবদার রহমান, সহসভাপতি মজনু হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদা ইয়াসমিনকে বাল্যবিবাহ নিরোধে অগ্রণী ভূমিকা রেখে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ ক্যাটাগরিতে উপজেলার জয়িতা সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে ওই দিন সম্মাননা ক্রেস্ট ও সনদ আনুষ্ঠানিক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবর রহমান।
এর আগে ২৮ নভেম্বর প্রথম আলোতে শনিবারের বিশেষ প্রতিবেদন কলামে ফরিদা ইয়াসমিনের এ সাফল্যগাথা নিয়ে ‘বাল্যবিবাহ ঠেকিয়ে বিশ্বসভায়’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।