উদীচী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ফরিদা বিজলীকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সদস্য আবু মহীউদ্দীন, জেলা সাংগঠনিক সম্পাদক অমল টিক্কু ও জেলা সংসদের অর্থ সম্পাদক ননী গোপাল বর্মণ।
পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সেতারা বেগম, উদীচীর উপজেলা সভাপতি ফরিদা বিজলী, শহীদ বুদ্ধিজীবীর সন্তান বদরুল হুদা, আসাদুজ্জামান ও এনামুল কবীর। কাউন্সিল অধিবেশন বেলা আড়াইটায় শুরু হয়। সভাপতিত্ব করেন ফরিদা বিজলী। পরে জেলা সংসদের সভাপতির পরিচালনায় চলে দ্বিতীয় পর্বের কার্যক্রম। এ সময় উপজেলা শাখার ২৫ সদস্যের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির সদস্যদের নাম প্রস্তাব করা হয়। সবশেষে সভাপতি পদে ব্যালটের মাধ্যমে ফরিদা সভাপতি নির্বাচিত হন।