ফরিদাবাদে খোঁড়াখুঁড়ি অব্যবস্থাপনায় দুর্ভোগ

বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য পুরান ঢাকার ফরিদাবাদের হাজি জয়নাল আবেদীন সড়কে পাইপ বসানোর কাজ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। খোঁড়াখুঁড়ির পর রাস্তার দুধারে মাটি উঠিয়ে রাখায় পথচারী ও যানবাহনের আরোহীদের ভোগান্তি হচ্ছে। যেখানে-সেখানে নির্মাণসামগ্রী ও বড় বড় পাইপ ফেলে রাখায় সমস্যা আরও বাড়ছে। যদিও পাইপ বসানোর কাজ শেষ হলে এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন।
ফরিদাবাদ আইজি গেট ট্রাকস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীন সড়ক হয়ে জুরাইন কবরস্থান স মিল পর্যন্ত এবং আশপাশের কিছু গলি মিলিয়ে এক কিলোমিটারেরও বেশি রাস্তায় পাইপ বসানোর কাজ চলছে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় যদি উন্নয়নকাজটি সম্পন্ন করা যায়, তাহলে উদ্ভূত দুর্ভোগ এড়ানো সম্ভব।
গতকাল সরেজমিনে দেখা যায়, আইজি গেট ট্রাকস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীন সড়কের দুই পাশের প্রায় আধা কিলোমিটার এলাকা জল-কাদায় একাকার হয়ে আছে। সড়কের প্রায় পুরোটাজুড়ে ফেলে রাখা পাইপ ও বিভিন্ন নির্মাণসামগ্রী। এতে করে রিকশাসহ অন্যান্য যানবাহন এবং লোকজনের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে। দুই পাশের কাঠ ও আসবাবের দোকানগুলোতে ক্রেতারা আসতে পারছেন না।
ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ বলেন, ‘প্রথম দিকে কাজটি গুছিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করি এ সমস্যা থাকবে না।’