ফরিদুলের ব্যবসা কমেছে, আয় বেড়েছে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

২০১৪ সালের আগে আয় ছিল ২১ লাখ ১০ হাজার। বর্তমানে বার্ষিক আয় ৪৫ লাখ ৭১ হাজার টাকা।

ফরিদুল হক খান
ফরিদুল হক খান

গত পাঁচ বছরের ব্যবধানে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সাংসদ ফরিদুল হক খান ওরফে দুলালের ব্যবসা কমেছে। তবে তাঁর আয় বেড়েছে দ্বিগুণ। বর্তমানে তাঁর বার্ষিক আয় ৪৫ লাখ ৭১ হাজার ৯৮৮ টাকা। ২০১৪ সালের আগে এই আয় ছিল ২১ লাখ ১০ হাজার ৫৭৮ টাকা। একাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

ফরিদুল হক জামালপুর–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে পর তাঁর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

বর্তমানে তাঁর বার্ষিক আয় কৃষি খাতে ৮০ হাজার ১০৪ টাকা, ব্যবসায় ৫ লাখ ৫ হাজার টাকা, ব্যাংকের আমানত থেকে ৫৪ হাজার ৪৪০ টাকা, মৎস্য খাত থেকে ১৪ লাখ ৯৭ হাজার টাকা ও সাংসদ হিসেবে ভাতা পেয়েছেন ২৪ লাখ ৩৫ হাজার ৪৪৪ টাকা। ২০১৪ সালের আগে তাঁর আয় ছিল কৃষি খাতে ৪৮ হাজার ৪৫০ টাকা, ব্যবসায় ৩ লাখ ৩৬ হাজার ৬৫০ টাকা, ব্যাংকের আমানত থেকে ১৬ হাজার ৪৮১ টাকা, সাংসদ হিসেবে ভাতা পেয়েছেন ১৪ লাখ ৬ হাজার ১৭৫ টাকা ও রেমিট্যান্স পেয়েছেন ৩ লাখ ২ হাজার ৮২২ টাকা।

দশম সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ফরিদুল হক স্বত্বাধিকারী ছিলেন জামালপুর জুট বেলার, কৃষি ও মৎস্য ব্যবসার। এ ছাড়া ঢাকার রমনা পশ্চিম হাজীপাড়া এমব্রয়ডারি মার্ট লিমিটেডের পরিচালক, ঢাকার খিলগাঁওয়ে সোলার টেলিভিশন ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান ও ঢাকার খিলগাঁওয়ে সোলার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর হিসেবে উল্লেখ্য ছিল। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ্য করেছেন স্বত্বাধিকারী হিসেবে জামালপুর জুট বেলার ও জামালপুর প্রোপার্টিজ লিমিটেড। তবে ব্যবসাপ্রতিষ্ঠান কমলেও গত পাঁচ বছরের ব্যবধানে তাঁর আয় ২৪ লাখ ৬১ হাজার ৪১০ টাকা বেড়েছে।

এবার জমা দেওয়া হলফনামায় ফরিদুল অস্থাবর সম্পদের বিবরণে উল্লেখ করেছেন, নগদ টাকা ৭ লাখ ৬৫ হাজার টাকা ও তাঁর স্ত্রীর নামে ১৫ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ৪৫ লাখ ৫৭ হাজার ৭৮ টাকা ও তাঁর স্ত্রীর নামে ২২ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ খাতে ৫ লাখ টাকা, ৭০ লাখ টাকা দামের একটি মোটরগাড়ি ও তাঁর স্ত্রীর ১৫ লাখ ৩৫ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণ ও তাঁর স্ত্রীর নামে ৩০ ভরি, ইলেকট্রনিক সামগ্রী ৭১ হাজার টাকা, আসবাব ৬১ হাজার ৪৭০ টাকার।

ফরিদুল হকের স্থাবর সম্পদের মধ্যে পৈতৃক সূত্রে পাওয়া ৩ দশমিক ৫০ একর কৃষি জমি ও তাঁর স্ত্রীর হেবা মূলে (দান) পাওয়া শূন্য দশমিক ৫৭ একর, অকৃষিজমি পৈতৃক সূত্রে পাওয়া শূন্য দশমিক ১৩ একর ও তাঁর স্ত্রী হেবা মূলে শূন্য দশমিক ৩ একর ও ১০ কাঠা, পৈতৃক সূত্রে পাওয়া যৌথ মালিকানায় শূন্য দশমিক ২৫ একর, যৌথ মালিকানায় আধা পাকা ঘর একটি, পৈতৃক সূত্রে পাওয়া একটি টিনশেড বিল্ডিং।

তিনি দায়গুলোতে আরও উল্লেখ করেছেন, সোনালী ব্যাংক ইসলামপুর শাখায় ৯৫ লাখ টাকা ও এনসিসি ব্যাংকের ঢাকার ধানমন্ডি শাখায় ২৫ লাখ ৮২ হাজার টাকা ঋণ রয়েছে। খেলাপি নন বলে তিনি উল্লেখ করেছেন।