মামলার আলামত শনাক্ত, সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে পুলিশের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের জন্য ফরেনসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার মালিবাগে সিআইডি কার্যালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ ইনস্টিটিউটের উদ্বোধন করেন। তিনি ফরেনসিক ডিএনএ ল্যাব নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিবছর ১০০ ফরেনসিক বিশেষজ্ঞ তৈরি করা হবে। এ ছাড়া বছরে প্রায় দুই হাজার তদন্তকারী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ডিএনএ ল্যাব থাকবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নিয়ন্ত্রণে। এর আগে এক অনুষ্ঠানে পুলিশের আইজিপি বলেন, বর্তমান যুগ বিশেষায়িত সংস্থার যুগ। বিশেষজ্ঞ কর্মকর্তা তৈরির ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এখন ফরেনসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বিজ্ঞানসম্মত তদন্ত কার্যক্রমে প্রবেশ করল। এর মাধ্যমে পুলিশের তদন্তের মান আন্তর্জাতিক মানের হবে। পুলিশ কর্মকর্তারা জানান, দাতাদের অর্থে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিআইডিতে একটি নতুন ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে। তিন বছরের মধ্যে এ ল্যাবের নির্মাণকাজ শেষ হবে। পুলিশের ডিএনএ ল্যাব হলে মামলার তদন্ত আধুনিক ও বিজ্ঞানসম্মত হবে। সভাপতির বক্তব্যে সিআইডির প্রধান মোখলেসুর রহমান বলেন, আসামির স্বীকারোক্তির ওপর ভিত্তি করেই এত দিন ধরে মামলার তদন্ত কার্যক্রম চলে আসছে। ফরেনসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কর্মকর্তারা প্রশিক্ষণ পেলে তাঁরা বিজ্ঞানসম্মত তদন্ত করতে পারবেন। তখন আর স্বীকারোক্তি আদায়ের ওপর এত নির্ভর করতে হবে না। অপরাধীর অজান্তে ঘটনাস্থলে রেখে যাওয়া যেকোনো চিহ্ন ধরেই অপরাধী শনাক্ত করা যাবে। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাঈম আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।