ফরেস্ট একাডেমিতে পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ফরেস্ট একাডেমিতে গতকাল রোববার আয়োজিত এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা পেছাতে পারি না। আমরা অনেক বন হারিয়েছি, আর হারাতে চাই না।’
‘রিফ্রেশার কোর্স অন ফরেস্ট্রি’ শিরোনামে পাঁচ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম ফরেস্ট একাডেমি। এতে সহযোগিতা করে বন অধিদপ্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ইউএসএআইডি।
বনসচিব কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশের পরিবেশবিষয়ক অনেক সমস্যা রয়েছে। কিন্তু এ দেশের উর্বর মাটি আমাদের সবচেয়ে বড় শক্তি। নিজেদের অবস্থান থেকে এই শক্তিকে কাজে লাগানো গেলে আমরা সত্যিকার অর্থে সুজলা-সুফলা দেশ গড়তে পারব।’ চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, এমওইএফ সাপোর্ট প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা মার্কো বসকোলো ও চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মো. শাহ-ই-আলম।
মাইক রবসন বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যাও। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বন মন্ত্রণালয়কে আরও কঠোর হতে হবে।
কর্মশালায় বন অধিদপ্তরের ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন। দেশ-বিদেশের ১২ জন প্রশিক্ষক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষণার্থীদের বন পরিদর্শনের জন্য কক্সবাজারের মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে।