একই মানের শিক্ষাক্রম ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং একই বিভাগে চাকরি নিয়ে অন্য সহকর্মীদের চেয়ে বেতন-ভাতা ও পদক্রমে পিছিয়ে আছেন বাংলাদেশ বন অধিদপ্তরের ফরেস্টাররা। তাঁদের দাবি, একই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত অন্যরা গ্রেড ১০ ও ১১-তে বেতন-ভাতা পান। কিন্তু তাঁরা বেতন পান গ্রেড ১৫-তে। তাঁরা বেতন-ভাতা গ্রেড ১০-এ উন্নীত করার দাবি জানান। বন বিভাগে এখন প্রায় এক হাজার ১০০ ফরেস্টার আছেন।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তিন বছর মেয়াদি শিক্ষাক্রমের অধীনে উত্তীর্ণ ব্যক্তিরা সরকারি নিয়োগ পাওয়ার পর গ্রেড-১০ বেতনকাঠামো ১৬ হাজার ৫৪০ টাকা, ক্ষেত্রবিশেষে দায়িত্বের গুরুত্ব অনুযায়ী গ্রেড-১১-তে ১৪ হাজার ২৫৫ টাকা পান। আর ফরেস্টাররা বেতন পান গ্রেড ১৫-তে, সর্বোচ্চ ১০ হাজার ৪৫০ টাকা।বন অধিদপ্তরের অধীন ফরেস্টার গুরুত্বপূর্ণ ও কারিগরি পদ। তাঁরা সাধারণত বিট কর্মকর্তা, সুন্দরবনে টহল ফাঁড়ির কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে নিয়োজিত হন। দু-একজন বনরক্ষী ও তিন-চারজন মালী অথবা নৌচালক নিয়ে বনের চার-পাঁচ হাজার একর এলাকায় বন প্রশাসন চালান। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে বন মামলার বাদী হওয়া, অস্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, হিসাব রক্ষা, গাছের চারা তৈরি, বন অপরাধ দমন, বনে বা পার্শ্ববর্তী এলাকার অধিবাসীদের সামলানো, বনায়নের কাজ করা। গভীর অরণ্যে জলপ্রবাহ, বিদ্যুৎহীন আধা ভাঙা ঘরে তাঁরা বসবাস করেন। পরিবার-পরিজন সঙ্গে রাখা, সন্তানদের শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার সুযোগ তাঁদের নেই। নেই স্বাভাবিক বিনোদনের ব্যবস্থা। যাতায়াত-পাহারার জন্য হাতে টানা নৌকা, পায়ে হাঁটা বা মোটরসাইকেলই তাঁদের ভরসা।১৯৯৫ সালের নতুন সরাসরি ফরেস্টার নিয়োগবিধি অনুযায়ী, ফরেস্টারদের শিক্ষাগত যোগ্যতা এসএসসিসহ (বিজ্ঞান/ভোকেশনাল পরীক্ষায় মোট নম্বরের ৫০ শতাংশসহ সাধারণ অথবা উচ্চতর গণিতে ৬০ শতাংশ নম্বরপ্রাপ্ত) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পাস হতে হয়। এর আগে এইচএসসি পাস করে ছয় মাসের বিভাগীয় প্রশিক্ষণ নিয়ে ফরেস্টার পদে নিয়োগ দেওয়া হতো। শিক্ষাগত যোগ্যতা উন্নীত হলেও ফরেস্টারদের বেতন স্কেল আগের মতো গ্রেড-১৫ই রয়ে গেছে।জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তিন বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রম সব বিভাগের জন্য একই মানের বলে গণ্য করা হয়। অথচ উপসহকারী প্রকৌশলীর বেতন স্কেল গ্রেড ১১ থেকে ১০, ড্রাফটসম্যান (বন অধিদপ্তর) গ্রেড-১০, উপসহকারী কৃষি কর্মকর্তা গ্রেড-১৪ থেকে ১১-তে উন্নীত করা হয়েছে। অথচ দেশের বনাঞ্চল রক্ষায় যে এক হাজার ১৭৮ জন ফরেস্টার প্রত্যন্ত এলাকায় নিয়োজিত আছেন; তাঁদের বেতন, পদমর্যাদা আগের মতোই রয়ে গেছে।এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজারে কর্মরত ফরেস্টার আমীরুল হাসান বলেন, ‘আমরা এসএসসি পাস করে আনুমানিক দুই লাখ টাকা নিজ খরচে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পাস করে চাকরিতে ঢুকেছি। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব?’কিছু কিছু প্রকল্পের জন্য এইচএসসি পাস ফরেস্টারকে সরকারি টাকায় স্বল্পমেয়াদি কোর্স করিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এটাও ডিপ্লোমা ফরেস্টারদের ক্ষোভের কারণ। তাঁদের দাবি, ডিপ্লোমা করার পরও পদের অভাবে ৪০০ লোক চাকরি পাননি। প্রকল্পের পদগুলো তাঁদের দিয়ে পূরণ করা উচিত।২০০৯ সালে তখনকার প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আবদুল মোতালেব ফরেস্টারদের বেতন-ভাতা গ্রেড-১০-এ উন্নীত করার অনুরোধ করে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন। স্বাস্থ্য অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল গ্রেড-১৫ থেকে ১০-এ উন্নীত করার উদাহরণ তুলে চিঠিতে একই মানে শিক্ষাগত যোগ্যতার ফরেস্টারদের বেতন-ভাতা গ্রেড ১০-এ উন্নীত করার সুপারিশ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ফরেস্টারদের গ্রেড উন্নীত করার একটি প্রস্তাব আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে তাঁরা উন্নীত বেতন-ভাতার সুবিধা পাবেন।’