ফল, ফসল ঘরবাড়ির ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে মেহেরপুর জেলায় আম, লিচু, গমসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের মতে, ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ৭০০ হেক্টর জমির পাকা গম মাটিতে লুটিয়ে পড়ে দানা নষ্ট হয়ে গেছে।তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। এ ছাড়া শিলাবৃষ্টির কারণে জেলার প্রায় ৩০ শতাংশ আম ও লিচুর বাগানের ফলের ক্ষতি হয়েছে। ঝড়ে প্রায় ২০০ কাঁচা-পাকা বাড়ির ছাউনি উড়ে গেছে। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে ক্ষতি হয় ফসলি জমি, আম ও লিচুর বাগান এবং কাঁচা-পাকা ঘরবাড়ি। ঝড় ও শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় ছয় ঘণ্টা।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জমির সব গম এখন পুষ্ট। অনেক জমির গম কাটা শুরু করে দিয়েছেন চাষিরা। জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে গম উৎপাদন করা হয়েছিল। শিলাবৃষ্টিতে প্রায় ৭০০ হেক্টর জমির গমের ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় ৩০ শতাংশ আম ও লিচুর বাগান এবং প্রায় ২০০ কাঁচা-পাকা বাড়ির ক্ষতি হয়েছে।