ফল ও গৃহসজ্জার গাছপালার সমারোহ বৃক্ষমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃক্ষমেলায় অর্কিডসহ নানান প্রজাতির ইনডোর প্ল্যান্টের চাহিদা অনেক। ছবি: আবদুস সালাম
বৃক্ষমেলায় অর্কিডসহ নানান প্রজাতির ইনডোর প্ল্যান্টের চাহিদা অনেক। ছবি: আবদুস সালাম

বাইরে সুন্দর ভেতরটা ফাঁকা—মাকাল ফল নিয়ে এ ধরনের প্রবাদসহ অনেক কিছুই প্রচলিত। ফলটি আসলেই দেখতে কেমন? এমন প্রশ্ন মনে উঁকিঝুঁকি দিলে সোজা চলে যান বৃক্ষমেলায়। মাকাল ফলসহ বিলুপ্ত প্রজাতির অনেক দেশি ফলের দেখা মিলবে সেখানে।

‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে শুরু হয়েছে মাসব্যাপী এ মেলা। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে।

জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলে দেখা পাওয়া গেল নানা জাতের দেশি ফলের। অনেকেই হয়তো কিছু কিছু ফলের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখেননি। আবার কিছু রয়েছে চোখে দেখা তো দূরে থাক, নামও শোনেননি। ডে-ফল, ক্যাকটাস ফল, নাগেশ্বর ফল, কাঁঠালচাপা ফল, দেশি গাব, বক্স বাদাম, গুস্তাভা ফল, তমাল ফল, কুচিলা ফল, চালমুগরা ফল, ম্যাগনোলিয়া ফল, করবী ফলসহ অনেক দেশি ফল ঝুলিয়ে রেখেছে তারা। অনেকগুলোর চারাও পাওয়া যাচ্ছে স্টলটিতে।

নিজের হাতে লাগানো গাছের ফল খেতে আমসহ অনেক ফলের গাছই কিনে নিচ্ছেন বৃক্ষপ্রেমীরা। ছবি: আবদুস সালাম
নিজের হাতে লাগানো গাছের ফল খেতে আমসহ অনেক ফলের গাছই কিনে নিচ্ছেন বৃক্ষপ্রেমীরা। ছবি: আবদুস সালাম

মেলায় এবারের স্টল ঘুরে দেখা গেল ফলের গাছের আধিক্য ও চাহিদা—দুটিই বেশি। এ ছাড়া গৃহসজ্জায় ব্যবহৃত গাছ বা ইনডোর প্ল্যান্টও রয়েছে চাহিদার শীর্ষে। সব স্টলেই দেখা মিলবে বাহারি প্রজাতির ঘর সাজানোর গাছ।

বরিশাল নার্সারির ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম বলেন, ‘সবাই চায় নিজ হাতে লাগানো গাছের ফল খেতে। বাজারের ফলের ওপর ভরসা করতে পারেন না অনেকে। যেসব গাছে দ্রুত ফল দেয়, সাধারণত সেসব গাছই বেশি বিক্রি হয় মেলায়।’ তিনি জানান, মাল্টা, আম, কমলা, লেবু, জাম্বুরা, পেয়ারাগাছ বিক্রি হচ্ছে বেশি।
তিনি বললেন, মেলার পাঁচ দিনেই বেশ সাড়া পাচ্ছেন ব্যবসায়ীরা। কারণে হিসেবে বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। সবাই সবুজে থাকতে ভালোবাসেন।

অনুমতি নিয়েই একটি গাছের পাতা ছিঁড়লেন আনোয়ারা বেগম। ঘ্রাণ শুঁকে ধারণা করলেন এলাচ বা দারুচিনি গাছ হবে। গত বছর অনেক ফলের গাছ কিনেছেন। এবার মসলা গাছ কেনার ইচ্ছা আছে।
আনোয়ারা বেগম বলেন, ‘স্বামী-সন্তানের চেয়েও গাছের গোড়ায় বসে থাকলে আমি বেশি শান্তি পাই।’ এই গাছপ্রেমী জানান, ঢাকায় ভাড়া থাকেন, তাই গাছ লাগানোর তেমন সুযোগ নেই। তাতে কী, চলে যান নিজের বাড়ি—ময়মনসিংহে। বছরের বেশির ভাগ সময় সেখানেই পড়ে থাকেন। নিজ হাতে সব গাছের পরিচর্যা করেন। আর বৃক্ষমেলা এলে প্রচুর গাছ কেনেন। জানালেন, এ পর্যন্ত লাগানো ১৫টি আমগাছের মধ্যে ১০টিতে আম ধরেছে।

বিলুপ্ত প্রজাতির নানা ধরনের দেশি ফলের দেখা মিলবে মেলায়। ছবি: সুহাদা আফরিন
বিলুপ্ত প্রজাতির নানা ধরনের দেশি ফলের দেখা মিলবে মেলায়। ছবি: সুহাদা আফরিন

ইনডোর প্ল্যান্টের মধ্যে এবার প্রায় সব স্টলেই চোখে পড়ছে লাকি ব্যাম্বু। দেখতে বেশ সুন্দর। আকারভেদে এর দাম পড়বে চার শ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। 

ব্র্যাক নার্সারির ব্যবস্থাপক এম এম আবু তাহের বলেন, ব্রোমালিয়া, এয়ার প্ল্যান্ট, লিপস্টিক প্ল্যান্ট, বনসাই, অর্কিড ও নানান জাতের ক্যাকটাস পাওয়া যাচ্ছে।

ফল ও ইনডোর প্ল্যান্ট ছাড়া ফুল, কাঠের গাছও বিক্রি হচ্ছে। এ ছাড়া সার, বীজ, চারা রোপণের অনুষঙ্গও বিক্রি করছেন অনেকে।

মেলার দায়িত্বে থাকা বন অধিদপ্তরের সামাজিক বন বিভাগের সমাজবিজ্ঞানী মো. আমিনুল ইসলাম বলেন, প্রথম চার দিনে বিভিন্ন প্রজাতির প্রায় ১ লাখ ৯০ হাজার চারা ও গাছ বিক্রি হয়েছে। এবার আশা করছেন গতবারের চেয়ে বেশি বিক্রি হবে। প্রতিবছর মেলা জুন মাসে শুরু হয়। এবার দেরি হওয়া প্রসঙ্গে জানান, ওই সময়ে রোজা ছিল এবং শেষের দিকে প্রধানমন্ত্রীর সময়সূচির জন্য অপেক্ষা করতে হয়। তবে দেরি করার একটি সুফল পাওয়া গেছে জানিয়ে বললেন, দেরি হওয়াতে এবার অনেক হৃষ্টপুষ্ট গাছ উঠেছে মেলায়।