ফল খারাপ করায় ৯৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে কুমিল্লা বোর্ডের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করার হার ১৫ বা তার চেয়ে বেশি এমন ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। আগামী সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ওই দুই বিষয়ে খারাপ ফল করার কারণ, ব্যাখ্যা ও সুপারিশ প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত চিঠি এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাকযোগে পাঠানো হয়। এ ছাড়া বোর্ডের ওয়েবসাইটেও ওই চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির জবাব পাওয়ার পর বোর্ডের পক্ষ থেকে আগামী দিনে এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য জেলা ও উপজেলাভিত্তিক মতবিনিময় সভা করা হবে। বোর্ডের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৬৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩টি বিষয়ের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৭৪ হাজার ৯৬৮ জন। এর মধ্যে গণিতে ৩৪ হাজার ৬৮৯ জন ও ইংরেজিতে ২৫ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী ফেল করেছে। মোট ৬০ হাজার ২৯৫ জন উভয় বিষয়ে ফেল করেছে। বাকিরা অন্যান্য বিষয়ে অকৃতকার্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার সারা দেশের আটটি সাধারণ বোর্ডের মধ্যে সর্বনিম্ন, অর্থাৎ ৫৯ দশমিক শূন্য ৩। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে কুমিল্লা বোর্ড। এ অবস্থা থেকে ভবিষ্যতে উত্তরণের জন্য গতকাল মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, ‘গণিত ও ইংরেজিতে এ বছর যতজন ফেল করেছে, তাদের মধ্যে মাত্র ১১ হাজার ৫২৬ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। ৩০ মে পুনর্নিরীক্ষণের ফল দেওয়া হবে।’
এ প্রসঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘যেসব প্রতিষ্ঠান একেবারেই খারাপ করেছে তাদের চিঠি দেওয়া হয়েছে। আমরা এর কারণ উদ্ঘাটন করতে চাই।’