ফল খারাপ হওয়ায় বিদ্যালয়ে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় গতকাল রোববার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। এতে গতকাল ওই বিদ্যালয়ে পাঠদান হয়নি।
গত শনিবার প্রকাশ হওয়া এসএসসি পরীক্ষার ফলাফলে হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন পাস করে।
স্থানীয় সূত্র জানায়, এই ফলাফলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে শতাধিক অভিভাবক বিক্ষোভ মিছিলসহ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষসহ সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। এর আগে অভিভাবকেরা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে শিক্ষক ও কর্মচারীদের বের করে দেন।
ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে পাঠদানের ব্যাপারে উদাসীন। তাঁরা শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে কোচিং ও টিউশনি নিয়ে ব্যস্ত থাকেন।
প্রধান শিক্ষক আবদুল বাকের বলেন, কোনো অভিভাবক বিদ্যালয় আঙ্গিনায় আসেননি। স্থানীয় দুই ইউপি সদস্যের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক তাঁর কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, বিদ্যালয়ে তালা দেওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি।