ফল খারাপের জন্য বিএনপি-জামায়াতের হরতাল দায়ী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
25-03-13-PM-2
25-03-13-PM-2

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ফল ‘খারাপ’ হওয়ার জন্য বিএনপি-জামায়াতের হরতালকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতবারের তুলনায় এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দুই-ই কমেছে। এ বছর পাসের হার ৭৪ দশমিক শূন্য ৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ১৯৭। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২।|
আজ শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফল জানার পর শেখ হাসিনা বলেন, ‘এবারে রেজাল্ট খারাপ হয়েছে। এ জন্য ছাত্রছাত্রী বা শিক্ষকদের কোনোমতেই দোষ দিচ্ছি না। যারা শিক্ষার মর্যাদা বা গুরুত্ব বুঝতে চায় না, তারা নিজস্ব স্বার্থে হরতাল ডেকে ছেলেমেয়েদের ক্ষতি করে দিল। বিএনপি-জামায়াত-শিবিরকে জনগণের কাছে জবাব দিতে হবে, কেন তারা ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করল।’
প্রধানমন্ত্রীর পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও এইচএসসি ও সমমানের ফল ‘খারাপ’ হওয়ার জন্য বিএনপি-জামায়াতকে দোষারোপ করেছেন।

আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘বারবার হরতাল না দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত তোয়াক্কা করেনি। এর ফলে শিক্ষার্থীদের প্রচণ্ড চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। অনেকের ফল ভালো হয়নি। এসব কারণে এবার পাসের হার কিছুটা কম। এর জন্য দায়ী কিছু অবিবেচক দায়িত্বহীন ও ভবিষ্যতের স্বার্থহানিকর কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব।

হরতালের কারণে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখের বেশি পরীক্ষার্থীকে বেগ পেতে হয়। বারবার পেছাতে হয় পরীক্ষার সময়সূচি। গত ১ এপ্রিল শুরু হওয়া পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৮ মে। কিন্তু হরতালের কারণে ৯, ১১, ২৩ ও ২৪ এপ্রিল এবং ৯, ১২ ও ২৬ মের এইচএসসি পরীক্ষা স্থগিত করে সময়সূচি পরিবর্তন করা হয়।