দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের ফল ঘোষণা স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
পরে রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আদালত বলেছেন, বার কাউন্সিলের নির্বাচনের ফল নিয়ে কোনো আপত্তি থাকলে কাউন্সিলের ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে। এ জন্য আমাকে ওই ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত।’
বার কাউন্সিলের নির্বাচনের ফল ঘোষণা স্থগিত চেয়ে গতকাল রোববার ইউনূছ আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন। এরপর তিনি প্রথম আলোকে বলেন, ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল বিধিমালার ১৫ (২) বিধিতে বলা আছে, সারা দেশের সব কেন্দ্র থেকে ব্যালট পেপার আসার পর বার কাউন্সিলের চেয়ারম্যানকে সব ব্যালট গুনে ফল ঘোষণা করতে হবে। কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তা করেননি। তিনি বিভিন্ন কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তার পাঠানো ফল ঘোষণা করেছেন। এখন ওই ফল প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হওয়ার কথা। রিট আবেদনে নির্বাচনের ফল প্রজ্ঞাপন আকারে প্রকাশ স্থগিত চাওয়া হয়েছে।
বার কাউন্সিলের এবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। গত বৃহস্পতিবার সকালে এ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন কাউন্সিলের চেয়ারম্যান।
কাউন্সিলের ১৪টি সদস্যপদে সরকার-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১১টি পদ পেয়েছে। আর বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছে তিনটি পদ।
ইউনূছ আলী বার কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬৮ ভোট পেয়ে পরাজিত হন।
গত ২৬ আগস্ট দেশের ৭৭টি কেন্দ্রে বার কাউন্সিলের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।