ফল ঘোষণার পর বাতিল, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতি শাখায় তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৩৫ শিশুর ফল বাতিল করা হয়েছে।জেলা প্রশাসন ২৭ ডিসেম্বর মাইকযোগে ওই ফল ঘোষণা করার পর গত রোববার তা বাতিল করে। পরে গতকাল সোমবার বেলা ১১টায় নতুনভাবে ফল ঘোষণা করা হয়। বাদ পড়া এক শিশুর অভিভাবক মো. রিয়াজুল কবির বলেন, প্রশাসনের ভুলের মাশুল দেবে ছোট্ট শিশুরা। যারা আগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুনে এসেছে, এখন তারা বাতিল হওয়ায় শিশুদের মানসিক অবস্থার যে অবনতি ঘটবে তার দায় কে নেবে। একই ধরনের কথা বলেন নগরের বিভিন্ন এলাকার অভিভাবক ও শিক্ষকেরা।জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বরিশাল জিলা স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। পরদিন ২৭ ডিসেম্বর জেলা প্রশাসন উত্তীর্ণদের ফল ঘোষণা করে। প্রায় তিন হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিলেও আসনসংখ্যা কম থাকায় দুটি বিদ্যালয়ের দুই শিফটে মোট ৪৮০ জন শিশু ভর্তির সুযোগ পায়।জেলা প্রশাসন দুটি স্কুলের ভর্তি পরীক্ষা ও ফল নিয়ে গত রোববার জরুরি সভা আহ্বান করে। বিকেল চারটায় সভা শুরু করে পরে তা মুলতবি করে সন্ধ্যা সাতটায় আবার সভায় বসে তারা। রাত সাড়ে আটটায় সরকারি বালিকা বিদ্যালয়ের উত্তীর্ণ ঘোষিত ৩৫টি শিশুর ফল বাতিল করে নতুন ৩৫ জনকে উত্তীর্ণ দেখানো হয়। গতকাল সোমবার বেলা ১১টায় নতুন ফল ঘোষণা করে জেলা প্রশাসন।জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বৈঠক শেষে বলেন, ‘সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতি শাখার ভর্তি পরীক্ষার ফল কম্পিউটারে করতে গিয়ে বড় ধরনের ভুল হয়ে যায়। এ কারণে ঘোষিত ফলাফলে ত্রুটি দেখা গেছে। পরে সব খাতা পুনরায় নিরীক্ষা করে দেখা গেছে, শুধু সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতি শাখার ৩৫টি শিশু যারা উত্তীর্ণ হয়েছে, তাদের নম্বর অপেক্ষাকৃত কম। তাই ওই ফল বাতিল করে নতুনভাবে ফল ঘোষণা করা হয়। এ ভুলের পেছনে কোনো চক্রান্ত কাজ করেনি বলে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার পড়েনি। কেবল কম্পিউটারে এন্ট্রি করার সময় ভুল হয়ে গেছে।’