ফল ঘোষণার সময় ইউএনও কার্যালয়ে হামলা
হামলা ও ভাঙচুরের পর নোয়াখালীর সেনবাগে উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা দেড় ঘণ্টা স্থগিত রাখে স্থানীয় প্রশাসন। সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ফল ঘোষণা স্থগিত থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ফল ঘোষণা চলছিল। ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে আটটির ফল ঘোষণার পর সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কবিরের নেতৃত্বে তাঁর একদল সমর্থক সেখানে হামলা চালান। এ সময় হামলাকারীরা ফল ঘোষণার মাইক, ফ্যাক্স মেশিন, প্রিসাইডিং কর্মকর্তার হাতে থাকা কয়েকটি কেন্দ্রের ফলের শিট ছিঁড়ে ফেলেন। হামলায় সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীর সমর্থকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ওই ঘটনার পরই জামায়াত-সমর্থিত ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মালেকের পক্ষে দলীয় সমর্থকেরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন এবং লাঠিপেটা করে উভয় প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা উদয়ন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।