চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি ও ঘোষণাস্থলের বাইরে সহিংসতার কারণ উদ্ঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার কাজ শুরু করেছে। বিকেলে সার্কিট হাউসে কমিটির সামনে নিজের বক্তব্য তুলে ধরেছেন নির্বাচিত সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে তিনি তদন্ত কমিটির সদস্য বিচারক মো. জহুরুল হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।জানা গেছে, বিভিন্ন প্রশ্নের জবাবে মন্জুর আলম ফল ঘোষণার সময় ঘটনাস্থলে ছিলেন না বলে জানান। কেন, কীভাবে ঘটনা ঘটল, কেন ফল ঘোষণায় দেরি হলো—এ বিষয়গুলো নিয়ে মেয়রকে সুনির্দিষ্ট প্রশ্ন করেন তদন্ত কমিটির সদস্য।তদন্ত কমিটির কাছে বক্তব্য দেওয়ার পর মেয়র মন্জুর সাংবাদিকদের বলেন, ‘আমাকে নির্বাচনের সময় বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছে। বিশেষ করে ঘোষণাস্থলের বাইরের সহিংসতা, ফল ঘোষণায় দেরি ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়। আমি জবাবে বলেছি, আমি ওই দিন ঘটনাস্থলে ছিলাম না। তাই বিষয়গুলো কেন ঘটেছে, আমি তা জানি না।’ মেয়র দাবি করেন, কারচুপির অভিযোগ নিয়ে কমিটি তাঁকে কোনো প্রশ্ন করেনি। তদন্ত কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময় মেয়রের আইনজীবী নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটির সামনে মেয়র মন্জুর বেলা সোয়া তিনটা থেকে চারটা পর্যন্ত পৌনে এক ঘণ্টা বক্তব্য দেন। সাক্ষ্য দেওয়ার সময় সিটি করপোরেশনের সাতজন কাউন্সিলর সার্কিট হাউসের অপেক্ষমাণ কক্ষে বসেছিলেন। মেয়রের সাক্ষ্য গ্রহণ শেষে কাউন্সিলরদের নিয়ে মেয়র বিচারক জহুরুল হকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রেহেনা বেগম বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে এসেছি। আমি আইনজীবী হিসেবে মেয়রকে কিছু পরামর্শ দিয়েছি।’এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম এলাকা ঘুরে দেখেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার এজহারুল হক, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। এতে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মন্জুর আলম আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।