ফল জালিয়াতির দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকসহ তিন কর্মকর্তাকে ২৪ বছর করে কারাদণ্ড এবং ২৪ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জিএম এ লতিফ খান, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী হাবিবুর রহমান ও সেকশন অফিসার নাছির উদ্দিন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, ফল জালিয়াতির ঘটনায় মামলা দুটি দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। বিচারক প্রতিটি ধারায় তিন বছরের কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। সেই হিসেবে চারটি ধারায় দুই মামলায় ২৪ বছর করে কারাদণ্ড ও ২৪ হাজার টাকা জরিমানা হয় আসামিদের। তবে আসামিদের বয়স বিবেচনা করে আদালত প্রতিটি ধারায় দেওয়া দণ্ড একসঙ্গে চলবে উল্লেখ করেন। সেই হিসেবে আসামিরা সাজা ভোগ করবেন তিন বছর।
আইনজীবী মেজবাহ উদ্দিন আরও জানান, ১৯৯২-৯৩ সালে এলএলবি ও বিএ (পাস) পরীক্ষার ৪৮টি উত্তরপত্র ঘষামাজা করে অনুত্তীর্ণদের উত্তীর্ণ দেখান আসামিরা। ৯০ সালে বিএ (পাস) ও এলএলবি পরীক্ষায় সাতজনকে উত্তীর্ণ দেখান ঘষামাজা করে। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক নুরুল হুদা আজাদ বাদী হয়ে ১৯৯৭ সালের ৩০ নভেম্বর হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। ২০০২ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুটি মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। গত ২৮ মে তিন আসামি আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।