ফল দেওয়ার কথা তিন মাসে হয়নি দেড় বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফল দেওয়ার কথা তিন মাসে। কিন্তু দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিবিএর ফল পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি বিভাগের শিক্ষার্থীরা। অথচ আগামী মাসেই তাঁদের এমবিএ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গ্রেডিং পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান করতে গিয়ে ফল দিতে দেরি হচ্ছে। আর শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকেরা উদাসীন বলেই ফল হচ্ছে না। ফলে চাকরির জন্য পরীক্ষাসহ সব জায়গায় তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিবিএ পরীক্ষা শেষ হয় গত বছরের জুন ও জুলাই মাসে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরোনো গ্রেডিং পদ্ধতি অনুসারে তাঁদের ফল দেওয়ার সিদ্ধান্ত জানানো হলে গ্রেডিং-বৈষম্য দূর করতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা ইউজিসির নতুন পদ্ধতি অনুযায়ী ফল দাবি করেন।শিক্ষার্থীদের দাবির মুখে তখন মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগে নতুন ও পুরোনো দুটি ফল পাশাপাশি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুই ধরনের ফলে বিভিন্ন জায়গায় চাকরি পেতে সমস্যা হয়। এ কারণে আগস্টে আবার আন্দোলন করেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তাঁরা ক্লাস বর্জন, বিক্ষোভ ও ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের ডিন তখন বৈঠক করে শিক্ষার্থীদের দাবি মেনে ইউজিসির গ্রেডিং অনুযায়ী ফল দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্ত দেওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫-০৬ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) থেকে নতুন গ্রেডিং পদ্ধতি চালু করে। ১১তম ব্যাচের (২০০৪-০৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরোনো গ্রেডিং পদ্ধতি অনুযায়ী ফল পাওয়া শেষ ব্যাচ। ফলে সমসাময়িক ১২তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের গ্রেডিংয়ের পার্থক্য সৃষ্টি হয়। নতুন পদ্ধতি অনুসরণ করার কারণে ওই ব্যাচের শিক্ষার্থীরা ৭০ নম্বর পেয়ে গ্রেড পয়েন্ট পায় ৩ দশমিক ৫। কিন্তু পুরোনো পদ্ধতি অনুসরণ করায় একই নম্বর পেয়ে ১১তম ব্যাচের শিক্ষার্থীরা পায় ৩ দশমিক ৩৩। একইভাবে ৬০ নম্বর পেয়ে ১২তম ব্যাচ যেখানে পায় তিন, সেখানে তাঁরা পাচ্ছেন ২ দশমিক ৬৭।১১তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, মূল ফল না দিলেও চাকরিসহ বিভিন্ন প্রয়োজনে তাঁদের সাময়িক সনদ নিতে হচ্ছে। কিন্তু সেখানেও পুরোনো পদ্ধতিতেই সাময়িক ফল দেওয়া হচ্ছে। ফলে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনার জন্য, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) করার জন্য আবেদন করতে পারছেন না। একই সঙ্গে হারাচ্ছেন বাংলাদেশ ব্যাংকসহ বড় বড় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকেরা বাইরের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে ব্যস্ত থাকায় চারটি বিভাগের প্রায় ৮০০ শিক্ষার্থীকে নিয়ে ভাবছেন না। হিসাববিজ্ঞান, মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগের এমবিএ সমাপনী পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে।এসব বিষয়ে জানতে চাইলে হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বেগম খালেদা খানম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করায় অনুষদের শিক্ষকেরা বিভক্ত হয়ে যান। কেউ পক্ষ নেন শিক্ষার্থীদের; আবার কেউ দাবি করেন, শিক্ষার্থীরা অসদাচরণ করে অন্যায়ভাবে দাবি আদায় করতে চাচ্ছেন। এ কারণে সিদ্ধান্ত থাকা সত্ত্বেও নতুন পদ্ধতিতে ফল দিতে দেরি হচ্ছে। তিনি জানান, বাধা সত্ত্বেও শিক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে ইতিমধ্যেই নতুন ও পুরোনো দুটি পদ্ধতি অনুযায়ী ফল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী এখন ফল দেওয়া হবে।উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডিনস কমিটিতে ইতিমধ্যেই নতুন পদ্ধতি অনুযায়ী ফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির তাঁদের ফল প্রকাশ করা হবে।