ফল নষ্ট হওয়ায় পবায় ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবায় ইটভাটার বিরূপ প্রভাবের কারণে আমবাগানের মালিক এবার আম বিক্রি করতে পারেননি। মরে যাচ্ছে কলাগাছ, আখ, মরিচসহ অন্যান্য ফসল।
অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার পবা উপজেলার ইউএনও রাজ্জাকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারটি ইটভাটার মালিককে প্রায় পৌনে দুই লাখ টাকা জরিমানা করেছেন৷ সেই সঙ্গে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন৷ ইউএনও রাজ্জাকুল ইসলাম বলেন, এই ইটভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। আবার ইট পোড়ানোর অনুমোদনও নেই। এই ভাটার প্রভাবে উপজেলার হরিয়ান ইউনিয়নের হরিয়ান পূর্বপাড়া ও কুখণ্ডি গ্রামের মানুষের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, চারটি ইটভাটাকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ভাটার মালিক আবদুস সালামের ৫০ হাজার টাকা, জয়নাল আবেদীন, হাসিবুর রহমান ও আলমগীর কবিরকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে আবদুস সালামের ইটভাটা। এ জন্য তাঁকে অন্যদের চেয়ে ১০ হাজার টাকা বেশি জরিমানা করা হয়েছে এবং তাঁর ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।