ফল পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের চূড়ান্ত পরীক্ষার ফল পরিবর্তনের দাবিতে গতকাল মঙ্গলবার ৪৩ জন শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে কলেজ অধ্যক্ষের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অবিলম্বে পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানান। ভুক্তভোগী শিক্ষার্থী আবদুল কাদির ও হেলেনা বেগম স্বাক্ষরিত ওই স্মারকলিপি গতকাল দুপুরে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, তাঁরা (শিক্ষার্থীরা) চতুর্থ বর্ষে পাঁচটি কোর্সের লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১১৪৩ নম্বর কোর্সে (এইটটিন সেঞ্চুরি লিটারেচার) সানজিদা পারভীন পেয়েছেন ১০০ নম্বরে ৩, আবদুল কাদের ২০। এ ছাড়া ২, ৬, ৫, ১৬, ১৮ ও ২০ নম্বর পর্যন্ত পেয়েছেন আরও কয়েকজন। শিক্ষার্থীরা দাবি করেন, যেখানে অন্য চারটি কোর্সে তাঁরা ভালো ফল করেছেন, সেখানে ওই নম্বর তাঁরা পেতে পারেন না। এ ছাড়া তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষার ফল প্রকাশ না করে চতুর্থ বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত ফলও দেওয়া হয়েছে, যা অযৌক্তিক।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই বিভাগের পরীক্ষা শুরু হয় ১১ নভেম্বর থেকে। মৌখিক পরীক্ষা শেষ হয় ২৫ ডিসেম্বর। পরীক্ষা শেষ হওয়ার এত স্বল্প সময়ের মধ্যে ফল প্রকাশের কোনো নজির ওই বিশ্ববিদ্যালয়ের নেই।
সানজিদা পারভীন জানান, ওই ফল কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ১০০ নম্বরের পরীক্ষায় ৩ ও ২০ নম্বর পাওয়ার সুযোগ নেই। অবিলম্বে ওই ফল বাতিল করে খাতা পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল প্রকাশ করতে হবে। এর আগে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা হয়। ওই পরীক্ষার ফল এখনো প্রকাশ হয়নি।
কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. আবু বকর ছিদ্দিক জানান, ২০১৪ সালের ১১ নভেম্বর তাঁদের কলেজ থেকে ১৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ১৩ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়।
এতে কোনো শিক্ষার্থী প্রথম শ্রেণি পাননি। দ্বিতীয় শ্রেণি পেয়েছেন ১১৮ জন, তৃতীয় শ্রেণি ৪৩ জন, অকৃতকার্য হয়েছেন সাতজন ও ফল স্থগিত রয়েছে ১০ জনের। ১০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থীরা কোনোভাবেই এত কম নম্বর পেতে পারেন না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুর রশীদ জানান, বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।