কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফল পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোনা আলী। তাঁর অভিযোগ, ‘টাকার বিনিময়ে’ দলের বিদ্রোহী প্রার্থীকে চেয়ারম্যান পদে জয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলেছেন রিটার্নিং কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনা আলী দাবি করেন, ২২ মার্চের ইউপি নির্বাচনে তিনি পেয়েছেন ৭ হাজার ৭৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর হোসেন পেয়েছেন ৭ হাজার ১২৬ ভোট। কিন্তু স্থানীয় একজন প্রভাবশালীর হস্তক্ষেপে এবং মোটা অঙ্কের টাকা নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম গভীর রাতে নুর হোসেনকে চেয়ারম্যান ঘোষণা দেন। এতে নুর হোসেনের প্রাপ্ত ভোট ৭ হাজার ২৩৩ এবং তাঁর ভোট (সোনা আলীর) ৭ হাজার ১৪২ দেখানো হয়। পরের দিন পুনরায় ভোট গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার কথাও জানান তিনি। একই দাবিতে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি আবেদন করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ আলী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবদুস সাত্তার প্রমুখ।
তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তার পাঠানো ফল উপজেলা পরিষদের কন্ট্রোলরুম থেকে সবার উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নুর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নতুন করে ভোট গণনার সুযোগ নেই বলে জানান তিনি।