ফল পায়নি ৬০ পরীক্ষার্থী কলেজে ভর্তি অনিশ্চিত
ফল প্রকাশের ১৫ দিন পরেও রাজশাহীর বাগমারার ভকেশনাল শাখার ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের পরীক্ষার্থীরা ফল পায়নি। ওই ট্রেডের পরীক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষার আবেদন ও উচ্চমাধ্যমিকে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পরীক্ষার্থীরা এ জন্য কেন্দ্রের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কর্তব্যে অবহেলাকে দায়ী করেছে। তবে কেন্দ্রসচিব তাঁদের অবহেলার কথা অস্বীকার করে এ জন্য কারিগরি বোর্ডকে দায়ী করেন।
গত ৩০ মে সারা দেশে একযোগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীরা ফল পেলেও ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রের ভকেশনাল শাখার ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের পরীক্ষার্থীরা পায়নি। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি।
ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রের কারিগরি শাখার দায়িত্বশীল এক শিক্ষক জানান, উপজেলার আটটি ভকেশনাল শাখার ওই ট্রেডের মোট ৬০ জন পরীক্ষার্থীর ফল আসেনি। প্রতিষ্ঠানগুলো হলো—বাগমারা টেকনিক্যাল ভকেশনাল স্কুল, বড়বিহানালী ভকেশনাল স্কুল, বড়বিহানালী বালিকা বিদ্যালয়ের সংযুক্ত ভকেশনাল শাখা, সাকোয়া উচ্চবিদ্যালয়, আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, কাতিলা সবুজ সংঘ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ভবানীগঞ্জ কারিগরি কলেজ ও কামারবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়।
এদিকে ফল না পেয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন।
বাগমারা কারিগরি স্কুলের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এস এম মুজিবুর রহমান বলেন, তাঁর প্রতিষ্ঠানের ১০ জনের ফল আসেনি। ওইসব পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা প্রায়ই খোঁজখবর নিচ্ছেন। আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম বলেন, কী কারণে এমনটি হয়েছে তা তিনি জানেন না। তবে এক মাসের মধ্যে ফলাফল আসবে বলে শুনেছেন বলে তিনি জানান।
ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রের কারিগরি শাখার সচিব ও ভবানীগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, তিনি এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছেন। বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা কিছু তথ্য চেয়েছিলেন তা দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে ফল আসবে বলে তাঁকে জানানো হয়েছে। তবে তাঁর বা কেন্দ্রের কোনো অবহেলা নেই। এটি কারিগরি বোর্ডের দোষ বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে কী কারণে এমন হয়েছে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।