চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৯ হাজার ৯৬১ জন এইচএসসি পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তারা ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে এই আবেদন করে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে। এ বিষয়ে ৬ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে পরীক্ষার্থীরা। এ ছাড়া বাংলা বিষয়ের ৪ হাজার ৬৯২টি, পদার্থবিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৫০৮টি, রসায়নের ২ হাজার ৯০০টি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের ২ হাজার ৪৩৮টি, হিসাববিজ্ঞান বিষয়ের ২ হাজার ২২৪টি ও অর্থনীতির ২ হাজার ৩৩৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা পড়ে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, উত্তরপত্রগুলো যাচাই-বাছাই শেষে আগামী ৮ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ বছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৭টি কলেজ থেকে ৮০ হাজার ৭৬৫ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেন ৫১ হাজার ২৪৩ জন। পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।