
প্রতিবাদ-বিক্ষোভের মুখে সদ্য প্রকাশিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বুধবার বিকেলে পিএসসি এই সিদ্ধান্ত নেয়। কোটা ও ফল বাতিলের দাবিতে গতকাল সকাল থেকে শাহবাগের মোড় অবরোধ করে রাখেন পরীক্ষার্থীরা। এই অবরোধের কারণে পুরো রাজধানী অচল হয়ে পড়ে।তবে পিএসসি ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিলেও চাকরিতে বিদ্যমান সব ধরনের কোটা বাতিল ও ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল রাত ১০টা পর্যন্ত তাঁরা শাহবাগ অবরোধ করে অবস্থান করেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা আবারও শাহবাগে মিলিত হবেন বলে জানিয়েছেন।গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী শাহবাগে যান। তিনি আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, আন্দোলন শান্তিপূর্ণ হলে কোনো বাধা দেওয়া হবে না। তিনি বলেন, কেউ ৮০ পেয়ে পাস করবেন না, আর কেউ কোটার কারণে ৫০ পেয়ে পাস করবেন—এটা মেনে নেওয়া যায় না। পিএসসির কিছু অতি উৎসাহী সদস্য সরকারকে বেকায়দায় ফেলতে এ কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।পিএসসির পরীক্ষার ক্ষেত্রে এত দিন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত পর্যায়ে কোটা পদ্ধতি প্রয়োগ করা হতো। কিন্তু ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পর্যায় থেকেই কোটা পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে অনেক চাকরিপ্রার্থী বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর পিএসসি বলেছে, শেষ পর্যায়ে কোটা পদ্ধতি প্রয়োগ করলে কোটা পূরণ করার প্রার্থী পাওয়া যায় না, বছরের পর বছর পদ শূন্য থেকে যায়।সাধারণ ক্যাডারের ৪৪২টি পদসহ মোট দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। গত ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। গত সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং মোট ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বিকেলে পিএসসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, ফলাফল নিয়ে কিছুসংখ্যক প্রার্থীর মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পিএসসির সদস্য এমরান কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগের ফল স্থগিত করা হয়েছে। আমরা ফল পুনর্নিবেচনার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটাগুলো শূন্য থাকে। এ কারণেই পিএসসি শুরুতেই কোটা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল। এতে মেধাবীদের বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় পিএসসি ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।’শাহবাগে অবরোধ: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ মোড়ে আসেন। তাঁরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার বহন করেন। দাবি আদায়ে সারা দিন শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকেন তাঁরা। বিকেলে পিএসসি ফল স্থগিত করে পুনর্মূল্যায়নের ঘোষণা দিলেও সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মো. শাহীন আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, কোটা পদ্ধতির মাধ্যমে অসংখ্য মেধাবীকে বঞ্চিত করে দেশকে মেধাশূন্য করা হচ্ছে।
শাহীন আলম বলেন, পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী, বর্তমানে দেশের ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জনের মধ্যে ১৫ লাখ ৮৬ হাজার ১৪১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ২০ লাখ ১৬ হাজার ৬১২ জন প্রতিবন্ধী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় দুই লাখ। এই হিসাবে মোট জনসংখ্যার ১ দশমিক ১০ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা সংরক্ষিত থাকছে ৫ ভাগ, ১ দশমিক ৪০ শতাংশ প্রতিবন্ধীর জন্য ১ ভাগ এবং দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ ভাগ কোটা রয়েছে। অর্থাৎ ১ দশমিক ৬৩ শতাংশ জনগোষ্ঠীর জন্য ৩৬ শতাংশের বেশি কোটা রক্ষিত।
এ ছাড়া জেলা ও নারী কোটাসহ মোট ৫৬ শতাংশ সরকারি পদ কোটাধারীদের জন্য সংরক্ষিত। বাকি ৪৪ শতাংশ বরাদ্দ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। এটা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী দাবি করে সব ধরনের কোটা বাতিল করে শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে সব নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।