ফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা বিভাগের চেয়ারম্যান কক্ষে থাকা অবস্থায় তাঁর দরজার সামনে নম্বরপত্রের ফটোকপি পুড়িয়ে দেন।
গত ১২ মার্চ প্রকাশিত মাস্টার্স প্রথম সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার ফলে দুই শাখার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। ‘ক’ শাখার ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ জন জিপিএ ৩ দশমিক ৫০-এর বেশি নম্বর পেয়েছেন। অথচ ‘খ’ শাখার ১৩৩ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৮ জন এই নম্বর পেয়েছেন। এ নিয়ে ১৪ মার্চ প্রথম আলোতে ‘দুই শাখায় ফলবৈষম্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থী জাকির হোসাইন বলেন, ‘ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে যে বৈষম্য করা হয়েছে, বিভাগ ইচ্ছে করলে এত দিনে তা সমাধান করতে পারত। কিন্তু এখনো কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি।’
ফল পুনর্মূল্যায়ন করা না হলে ধর্মঘট ডাকার হুমকি দেন আন্দোলনরত ‘খ’ শাখার শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভাগের নোটিশ বোর্ডে টানানো এক শিক্ষিকার ‘ইনকোর্স’ পরীক্ষার ফল ছিঁড়ে তাতে আগুন দেন। শিক্ষার্থীরা বলেন, চূড়ান্ত পরীক্ষার ফল হয়ে যাওয়ার পরে ইনকোর্সের এই ফল দেওয়া হয়েছে। চারটি বিষয়ের মধ্যে এখনো একটি বিষয়ের ইনকোর্সের ফল দেওয়া বাকি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা একটা থেকে অন্তত আধা ঘণ্টা চেয়ারম্যানকে ভেতরে আটকে রেখে বাইরে আগুন জ্বেলে বিক্ষোভ করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমিন বেপারী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আগামীকাল (আজ) জরুরি একাডেমিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।