ফল পেলেন সেই ১২ পরীক্ষার্থী
প্রবেশপত্র ছাড়াই ডিগ্রি পাস প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজের সেই ১২ জন শিক্ষার্থী অবশেষে পরীক্ষার ফলাফল পেয়েছেন। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব শিক্ষার্থী ফলাফল পেয়েছেন।
গত ৩১ জানুয়ারি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কলেজ থেকে ইনকোর্স পরীক্ষার নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণে এত দিন ওই ১২ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত ছিল।
কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট থেকে শুরু হওয়া ডিগ্রি পাস প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কলেজ থেকে ২৫৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। ওই বছরের ৯ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাঠানো হয়। কিন্তু পরদিন সকালে বিতরণ করতে গিয়ে দেখা যায়, ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র নেই। কলেজের অধ্যক্ষ আবদুল করিম দ্রুত এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়।
কলেজ সূত্রে আরও জানা গেছে, ৩১ জানুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় । কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে গিয়ে অন্য পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারলেও কলেজ থেকে ইনকোর্স পরীক্ষার নম্বর না পাঠানোর কারণে এসব শিক্ষার্থীর ফলাফল স্থগিত ছিল। এ বিষয়ে গত সোমবার প্রথম আলোতে ‘সেই ১২ পরীক্ষার্থীর ফল স্থগিত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।