অবরোধ-হরতালের কারণে নির্দিষ্ট সময়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফল প্রকাশ এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে শঙ্কার মধ্যে রয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেএসসির ফল একটু দেরিতে হলেও প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সেই পরীক্ষা নিয়েই দুশ্চিন্তা বেশি। যেভাবে হরতাল-অবরোধের নামে সহিংসতা চলছে তাতে শিক্ষার্থীরা চরম সংকটে পড়বে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার জন্য খাতা তৈরি করতে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু অবরোধের কারণে তাদের কাগজ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
সূত্র জানায়, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। হরতাল ও অবরোধের কারণে জেএসসি পরীক্ষার তারিখ ছয়বার পরিবর্তন হয়েছে। ২৩ নভেম্বর পরীক্ষা শেষ হলেও অবরোধের কারণে সময়মতো পরীক্ষকদের কাছে উত্তরপত্র পৌঁছানো সম্ভব হয়নি। এ কারণে উত্তরপত্র মূল্যায়ন শেষে তা বোর্ডে আসতেও বিলম্ব হচ্ছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, বারবার হরতাল ও অবরোধে বাড়তি চাপের মধ্যে পড়তে হয়েছে। অবরোধের কারণে যাঁরা আসতে পারছেন না, তাঁদের শুক্রবার এসে উত্তরপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উত্তরপত্রের ওএমআর শিট ডাকে না পাঠিয়ে হাতে হাতে জমা দেওয়ার জন্যও পরীক্ষকদের অনুরোধ করা হয়েছে। দিন-রাত সংশ্লিষ্ট সবাইকে বাড়তি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে জেএসসির ফল প্রকাশের চেষ্টা চলছে। তবে সব বোর্ড মিলে একত্রে ফল প্রকাশ করার ক্ষেত্রে অন্য বোর্ডের সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হবে।
তবে এভাবে নৈরাজ্য চলতে থাকলে সামনের এসএসসি পরীক্ষা নিয়ে চরম সংকটে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।