চূড়ান্ত ফল প্রকাশের পর আট মাস পেরিয়ে গেলেও নিয়োগ পাননি ৩২তম বিসিএসে উত্তীর্ণ এক হাজার ৬৮০ জন প্রার্থী। এত দিনেও গেজেট প্রকাশ না করায় কবে তাঁরা নিয়োগ পাবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে চাকরির জন্য নির্বাচিতরা হতাশা ও উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের পক্ষ থেকে বিশেষ একটি বিসিএস নেওয়ার দাবি ওঠে। ফলে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয় কোটায় দুই হাজার ৮০০ পদে লোক নিয়োগের জন্য ২০১১ সালের ২৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞাপন জারি করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
২৬ হাজার ৪৪৯ জন প্রার্থী এতে আবেদন করেন। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে এ বছরের ১০ জানুয়ারি ওই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দুই হাজার ৫৯২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে এক হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এর মধ্যে এক হাজার ৩৮৫ জন মুক্তিযোদ্ধা, ২০১ জন নারী এবং ৯৪ জন আদিবাসী কোটার।
উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৬৩২ জন, কৃষি ক্যাডারে ১১৮ জন, গণপূর্ত ক্যাডারে ৮০ জন, সড়ক ও জনপথ ক্যাডারে ২৫ জন, তথ্য ক্যাডারে ১৬ জন, মৎস্য ক্যাডারে ১৫ জন, রেলওয়ে ক্যাডারে আটজন, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে আটজন ও খাদ্য ক্যাডারে একজন। আর বিসিএস সাধারণ শিক্ষার বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে নির্বাচিত হয়েছেন ৭৭২ জন।
উত্তীর্ণ কয়েকজন প্রথম আলোকে জানান, চূড়ান্ত ফল প্রকাশের পর মে মাসেই তাঁদের শারীরিক পরীক্ষা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করেনি।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে উত্তীর্ণ একজন প্রার্থী বলেন, ‘আবেদন করা, লিখিত, মৌখিক পরীক্ষা—এসব করতে করতেই দুই বছর চলে গেল। এখন যদি গেজেট প্রকাশ করতে এক বছর লাগে তাহলে আর যাব কই। আট মাস ধরে বেকার বসে আছি।’
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বেশির ভাগ প্রার্থী মুক্তিযোদ্ধা কোটার, তাই যাচাই-বাছাই করে গোয়েন্দা প্রতিবেদন পেতে একটু দেরি হচ্ছে। তবে খুব শিগগির আমরা এ প্রতিবেদন পেয়ে যাব। এর পরই গেজেট প্রকাশ করা হবে।’
মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর সভাপতি সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই বিসিএস নিয়ে আসলে একধরনের ষড়যন্ত্র চলছে। সব ধরনের ক্যাডারে লোক নিয়োগের কথা থাকলেও শুধু কারিগরি ক্যাডারে লোক নিয়োগের প্রজ্ঞাপন হয়। আট মাস আগে ফল প্রকাশ হলেও এখনো গেজেট হয়নি। কোনো বিসিএসে গেজেট প্রকাশ করতে এত সময় লাগেনি।’
সাজ্জাদ হোসেন বলেন, ‘এর আগে আওয়ামী লীগ সরকার ২৩তম বিসিএসের সব পরীক্ষা নিলেও নিয়োগ দিয়ে যেতে পারেনি। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ওই বিসিএসই বাদ দিয়ে দেয়। আমরা সন্দিহান, এবারও একই ষড়যন্ত্র চলছে। তাই সরকারের কাছে অনুরোধ, দ্রুত যেন এই নিয়োগ সম্পন্ন হয়।’