ফলাফল প্রকাশের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিভাগের সামনে জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ও বিভাগীয় কার্যালয়কক্ষে তালা দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের কারণে বিভাগের অন্য সেমিস্টারেরও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের প্রথম দিনের ধর্মঘট চলে। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের জানুয়ারি মাসে তাঁদের স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ হয়।
নৃবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোখলেসুর রহমান জানান, ১৩ মাস থেকে ফল দেওয়া হচ্ছে না—শিক্ষার্থীদের এমন অভিযোগ পুরোপুরি সঠিক নয়। সর্বশেষ গত মাসেও রিসার্চ মনোগ্রাম নামে একটি কোর্সের রিপোর্ট শিক্ষার্থীরা জমা দিয়েছেন।