ফল প্রকাশের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান কার্যালয় ও শ্রেণীকক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ওই বিভাগের বিভিন্ন কক্ষে তালা দেওয়ার পর বিভাগে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত না হওয়ায় তাঁরা কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারছেন না। এ ছাড়া অন্য বিভাগগুলোতে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ফল প্রকাশিত না হওয়ায় তাঁদের পরীক্ষা শুরু হচ্ছে না। গতকাল ওই বিভাগে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভাগের কক্ষগুলো তালাবদ্ধ ছিল।নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস বলেন, ইতিমধ্যে ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়ার পর শিগগিরই ফল প্রকাশিত হবে।