ফল প্রকাশের দাবিতে সভাপতির কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ বিভাগের স্নাতকোত্তরের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় গতকাল শনিবার সভাপতির কক্ষে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা কক্ষটি তালাবদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তালা খুলে দেওয়া হয়।

বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার সাত মাস পার হলেও পরীক্ষা কমিটি এখনো ফল প্রকাশ করতে পারেনি। ফল প্রকাশ না হওয়ার কারণে অনেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন করতে পারছেন না। আবার অনেকের চাকরির বয়সও শেষ হওয়ার পথে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় বিভাগের সভাপতি মো. নাজিমুদ্দিনের কক্ষে তালা লাগিয়ে দেন।

বিভাগের সংশ্লিষ্ট বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি হামিদা খাতুন বলেন, ‘পরীক্ষার খাতা মূল্যায়নে একটু জটিলতার কারণে ফল প্রকাশে বিলম্ব হয়েছে। কাল রোববার (আজ) পরীক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। আশা করি, অতি দ্রুত ফল প্রকাশ হয়ে যাবে।’

বিভাগের সভাপতি বলেন, ‘ফল প্রকাশে কিছুটা বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কক্ষে তালা দিয়েছে। আমি পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি। আগামী কয়েক দিনের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে বলে তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন।’