ফল প্রস্তুতের সময় মুঠোফোন ব্যবহার, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতকারী কোম্পানির দুজন কর্মীকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হচ্ছেন জিহাদ আলী (২২) ও শাহীন মিঞা (২৮)।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতকালে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কোম্পানির ওই দুজন কর্মী তাঁদের মুঠোফোন টিপছিলেন। নিয়ম অনুযায়ী ফলাফল প্রস্তুতকারী কোম্পানির লোকদের ওই সময় মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তাঁদের মুঠোফোন পরীক্ষা করে অনেক শিক্ষার্থীর রোল নম্বর পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, তাঁরা ফলাফল জালিয়াতির উদ্দেশ্যেই মুঠোফোন থেকে নম্বর বের করছিলেন।বিজ্ঞান অনুষদের ডিন আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসবিএস’ নামের একটি কোম্পানি ফলাফল তৈরি করছে। গ্রেপ্তার হওয়া দুই কর্মী কোম্পানির নিজেদের লোক নয়; ভাড়াটে। তিনি বলেন, সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রক্টরকে ডেকে তাঁদের আটক করতে বলেছেন। তিনি ধারণা করছেন, তাঁরা মারাত্মক কিছু করতে পারেনি। তিনি জানান, তার পরও আরও চার-পাঁচ দিন সময় নিয়ে দেখেশুনে ফলাফল প্রকাশ করা হবে।নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, মুঠোফোন নিয়ে সন্দেহজনক আচরণ করায় তাঁদের আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।