বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতি শাখায় তৃতীয় শ্রেণীতে ভর্তিসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম ২৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ভর্তি পরীক্ষার ফল বাতিল করায় জেলা প্রশাসকসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। গত বুধবার পুনরায় ঘোষিত ফলাফলে বাদ পড়া দুই শিক্ষার্থীর অভিভাবক মো. নূরুল হক ও মো. আক্তারুজ্জামান উচ্চ আদালতে রিট করেন। গতকাল রোববার এই আবেদনের শুনানি শেষে উচ্চ আদালতের বিচারপতি এ এইচ শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, আদালত রিটের শুনানি শেষে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ২৩ জানুয়ারির মধ্যে কারণ দর্শাতে বলেছেন। তা ছাড়া পূর্বঘোষিত ফলাফল পুনর্বহাল এবং ২৩ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম ও ক্লাস বন্ধ রাখার আদেশ দিয়েছেন আদালত।উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বরিশাল জিলা স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।