ফল বাতিল করে চট্টগ্রামে নতুন নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ চিঠি দেন। এতে অভিযোগ করা হয়, ২৮ এপ্রিল নির্বাচনের নামে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রতি চরম উপহাস ও প্রহসন করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৮ এপ্রিল ভোট গ্রহণ শুরুর পর যা ঘটেছে তা নগরবাসী, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীরা অবাক বিস্ময়ে দেখেছেন। বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা, বহিরাগত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় একের পর এক কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে শত শত বহিরাগত ক্যাডার মোতায়েন করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। বেলা ১১টার আগেই সরকারদলীয় সন্ত্রাসীরা প্রায় ৮০ শতাংশ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে প্রতিটি কেন্দ্র নিজেদের দখলে নেয়।
চিঠিতে অভিযোগ করা হয়, শুধু মনজুর আলম নন, আরও তিনজন মেয়র পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন। প্রকাশ্য দিবালোকে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এমন নজিরবিহীন ভোট ডাকাতি দেখে চট্টগ্রাসবাসী হতভম্ব হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২৮ এপ্রিলের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। আমাদের প্রার্থীকে জোর করে হারানো হয়েছে। তাই আমরা নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছি।’
তবে বিএনপির চিঠির বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী জানান, ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি উদ্ভট। রাজনৈতিক কারণে বিএনপি মেয়র পদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। কিন্তু তাদের কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। ফল ঘোষণা পর্যন্ত তাঁরা ভোটকেন্দ্রে ছিলেন। কয়েকজন বিজয়ী হয়েছেন। তাঁদের বিষয়ে বিএনপি এখন কী বলবে?
চিঠির বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম গতকাল রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ রকম কোনো চিঠি দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই।