ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আগামী সোমবার পরবর্তী শুনানি হবে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন। এ ছাড়া আদালতের আহ্বানে আইনজীবী ফিদা এম কামাল মতামত তুলে ধরেন। গ ইউনিটের নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থী রিট আবেদনটি করেন। মঙ্গলবার ও গতকাল আবেদনের ওপর শুনানি হয়। ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় গ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রত্যাশিত ফল না পেয়ে ১ নভেম্বর অনেক শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল আছে বলে অভিযোগ করেন। উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর পুনরায় ফল প্রকাশ করা হয়। এরপর কয়েক শ শিক্ষার্থী আবারও ফল পুনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর ডিনস কমিটির জরুরি সভায় ফল বাতিল করা হয়। সর্বশেষ ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৯ ডিসেম্বর ফের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।