ফল বিপর্যয়ে সরকারকে দায়ী করল জামায়াত
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয়ের জন্য এবার সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াতের হরতালকে দায়ী করেছিলেন।
আজ রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা সরকারকেই ফল বিপর্যয়ের জন্য দোষারোপ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
গতকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। গতবারের তুলনায় এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দুই-ই কমেছে। এ বছর পাসের হার ৭৪ দশমিক শূন্য ৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ১৯৭ জন, যা গত বছর ছিল ৬১ হাজার ১৬২ জন।
গতকাল ফলাফল জানার পর শেখ হাসিনা বলেছিলেন, ‘এবারে রেজাল্ট খারাপ হয়েছে। এ জন্য ছাত্র-ছাত্রী বা শিক্ষকদের কোনোমতেই দোষ দিচ্ছি না। যারা শিক্ষার মর্যাদা বা গুরুত্ব বুঝতে চায় না, তারা নিজস্ব স্বার্থে হরতাল ডেকে ছেলেমেয়েদের ক্ষতি করে দিল। বিএনপি-জামায়াত-শিবিরকে জনগণের কাছে জবাব দিতে হবে, কেন তারা ছেলেমেয়েদের ভবিষ্যত্ নষ্ট করল।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামায়াতে ইসলামীকে দায়ী করে দেওয়া বক্তব্য ‘অসত্য ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের জন্য বর্তমান সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগই দায়ী। তাদের সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজির কারণে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। বিদ্যুতের লোড শেডিংয়ের কারণে ছাত্র-ছাত্রীরা ভালোভাবে পড়াশুনা করতে পারেনি। চারটি বিষয়ে এবার প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।’