ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কমিটি
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) যশোর শিক্ষা বোর্ডের ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে আট সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমির হোসেনকে আহ্বায়ক করে আজ বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র প্রথম আলোকে বলেন, আন্তবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বোর্ডের পাঁচজন কর্মকর্তা ও কলেজের তিনজন শিক্ষককে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার কারণ ছাড়াও এ অবস্থা থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করতে বলা হয়েছে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের আটটি শিক্ষা বোর্ডের মধ্যে এবার যশোর বোর্ডের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এ বছর পাসের হার ও জিপিএ-৫ উভয় দিক দিয়ে এ বোর্ড পিছিয়ে রয়েছে। পাসের হার ৪৬.৪৫ আর জিপিএ-৫ এক হাজার ৯২৭। গত ১১ বছরের মধ্যে এই ফলাফল সর্বনিম্ন। ঘোষিত ফলাফলের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদন করার জন্য বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে।