ফল ভুলের জন্য প্রধান দুই পরীক্ষক দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষায় ভুলের জন্য প্রধান দুই পরীক্ষক দায়ী। ফলাফল বিপর্যয়ের ঘটনা তদন্তে শিক্ষা বোর্ডের করে দেওয়া কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ ব্যাপারে ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
গত রোববার বিকেলে তদন্ত কমিটির সদস্যরা তাঁদের প্রতিবেদন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হকের কাছে জমা দেন। চেয়ারম্যান প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেয়েছি। সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এরপর বোর্ডের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তদন্ত কমিটির প্রধান বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব বলেন, হিন্দু ধর্ম বিষয়ে নৈর্ব্যক্তিক শিটের উত্তরপত্রে ভুলের কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে, তদন্তে এটা প্রমাণিত হয়েছে। ওই বিষয়ের প্রধান পরীক্ষক বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক জুরান চক্রবর্তী ও বরগুনার বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষক বীরেন চক্রবর্তী দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাই পরীক্ষা বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
তবে এ ঘটনার জন্য শিক্ষা বোর্ডের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন শিক্ষাবিদেরা। শিক্ষাবিদ ও সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘পরীক্ষা নেওয়া থেকে ফল প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব শিক্ষা বোর্ডের। কিন্তু তারা পরীক্ষক নিয়োগ করেই দায়িত্ব শেষ করে দিয়েছে। প্রধান পরীক্ষকের ওপর দায় চাপিয়ে পার পাওয়া যাবে না। বোর্ড এই দায় কোনোভাবে এড়াতে পারে না। তারা নিশ্চিত না হয়ে ফল প্রকাশ করল কেন?’
দোষীদের বিচার দাবি: পরীক্ষায় ফেল করার খবরে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সর্বজিৎ ঘোষের আত্মহত্যার জন্য বরিশাল শিক্ষা বোর্ডকে দায়ী করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে এ দাবি জানায় শিক্ষার্থীরা। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শোকাহত অভিভাবক, সহপাঠী শিক্ষার্থী, বন্ধুমহল ও সচেতন বরিশালবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী চিশতিয়া রহমান বলে, ‘বোর্ডের দায়িত্বহীনতার কারণেই প্রাণ দিতে হয়েছে সর্বজিৎ ঘোষকে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরেক শিক্ষার্থী তানজিল শাহরিয়ার বলে, ‘ধর্ম বিষয়ে এক হাজারের বেশি শিক্ষার্থী ফেল করেছে। তারপরও বোর্ড কেন বিষয়টি যাচাই করল না। তারা এ রকম একটি অস্বাভাবিক ঘটনা যাচাই করলে সর্বজিৎকে মরতে হতো না।’
১১ মে প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সর্বজিৎ অকৃতকার্য হয়। তাকে ধর্ম বিষয়ে ফেল দেখানো হয়। অকৃতকার্য হয়ে বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে। পরে সংশোধিত ফলাফলে সে অবশ্য পাস করে।