ফল সংশোধনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা শাখার শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। ডিপ্লোমা-ইন টেক্সটাইলের কয়েকটি পর্বের চূড়ান্ত ফলাফল সংশোধনসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত সেপ্টেম্বর মাসে তাঁদের ডিপ্লোমা-ইন টেক্সটাইলের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের চূড়ান্ত পরীক্ষা হয়; যার ফলাফল গত ৩ জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়। ঘোষিত ফলাফলে ওয়েট প্রসেসিং বিষয়ে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন এবং গণিতে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন অকৃতকার্য হন। তাঁদের দাবি, এত পরিমাণ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াটা অস্বাভাবিক। ফলাফল প্রকাশে কোনো সমস্যা হয়ে থাকতে পারে।শিক্ষার্থীরা ফলাফল সংশোধনের দাবি জানিয়ে ৪ জানুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। কিন্তু চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো ঘোষণা না পাওয়ায় তাঁরা গত বুধবার ও গতকাল ওই ফলাফল সংশোধনের দাবিসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন। অপর তিনটি দাবি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণ, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং ফলাফল তৈরির সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অপসারণ।গতকাল সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা মিছিল নিয়ে বেগমগঞ্জের চৌরাস্তা এলাকায় গিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এ সময় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ফেনী রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করেন।এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাছের মোহাম্মদ শামীম শিক্ষা বোর্ডের পরিচালকের সঙ্গে কথা বলে তাঁর বরাত দিয়ে শিক্ষার্থীদের ফলাফল পুনর্বিবেচনার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ৩১ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন।