ফল স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা স্থগিত চেয়ে গত রোববার ইউনূছ আলী এ রিট আবেদনটি করেন। গতকাল এ আবেদনের ওপর শুনানিতে তিনি বলেন, ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল রুলসের ১৫(২) বিধিতে বলা আছে, দেশের সব কেন্দ্র থেকে ব্যালট পেপার আসার পর বার কাউন্সিলের চেয়ারম্যানকে তা গুনে ফল ঘোষণা করতে হবে। কিন্তু কাউন্সিলের চেয়ারম্যান তা করেননি। এতে বিধি লঙ্ঘন করা হয়েছে।
রিট আবেদনের বিরোধিতা করে মোতাহার হোসেন শুনানিতে বলেন, স্বাধীনতার পর থেকে যতগুলো বার কাউন্সিলের নির্বাচন হয়েছে, কোনো সময়ই কাউন্সিলের চেয়ারম্যান ব্যালট গুনে ফল ঘোষণা করেননি। কারণ, ভোটকেন্দ্রগুলোতে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে থাকেন নিম্ন আদালতের বিচারকেরা। কাউন্সিলের চেয়ারম্যান শুধু এসব ফল ঘোষণা করেন।