ফলক থেকে মুছে ফেলা হচ্ছে সাংসদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুমিনুনন্নিসা সরকারি কলেজের শিক্ষক মো. ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর করার প্রতিবাদে গৌরীপুর উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন-ফলক থেকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের নাম মুছে ফেলেছেন বিক্ষুব্ধ লোকজন।
সাংসদের সমালোচনা করায় ২২ জুন তাঁর সমর্থকেরা ফরিদ উদ্দিন আহমেদকে উপজেলার কলতাপাড়া বাজারে দিগম্বর করে ঘোরান।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শর্যার ভবনের ভিত্তিপ্রস্তরে সাংসদের নামের ওপর কালির প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ ছাড়া জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের িভত্তিপ্রস্তর, পৌর শহরের মা ও শিশুকেন্দ্র এবং বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী ফলকে লেখা সাংসদের নামও কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। এ ছাড়া উপজেলার আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ফলকে লেখা সাংসদের নামের ওপর কালি দেওয়ার খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র প্রথম আলোকে জানায়, শিক্ষককে দিগম্বর করার ঘটনায় সাংসদ মজিবুর রহমান ফকির ও তাঁর সমর্থকদের বিচার না হলে ক্রমে উপজেলার সব জায়গায় তাঁর নামের ওপর কালি দেওয়া হবে।
ফরিদ উদ্দিন আহমেদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষ, প্রাক্তন ছাত্র এবং স্থানীয় আওয়ামী ও অঙ্গসংগঠনের বৃহৎ অংশই শিক্ষককে দিগম্বর করার পর থেকে সাংসদের বিপক্ষে অবস্থান নিয়ে নানা কর্মসূচি পালন করছেন।
উপজেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা সাংসদ ও তাঁর সমর্থকদের বিচার দাবি করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। উপজেলা ও পৌর আওয়ামী লীগের বৃহৎ অংশের নেতা-কর্মীরা উপজেলায় সাংসদ মজিবুর রহমান ফকিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
গতকাল শুক্রবার ফরিদ উদ্দিনের গ্রাম গৌরীপুর উপজেলার বোকাইনগরে বিক্ষোভ সমাবেশ করেন গ্রামবাসী। বিক্ষোভ সমাবেশে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে এ ঘটনার বিচার দাবি করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সাংসদ মজিবুর রহমান ফকিরের কুশপুত্তলিকা দাহ করেন।