ফলন ও দাম কম, বিপাকে নওগাঁর তরমুজচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরমুজ চাষ করে এ বছর লাভের মুখ দেখেননি নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার কৃষকেরা। আবহাওয়া অনুকূলে না থাকা এবং বৃষ্টিপাত কম হওয়ায় এ বছর তরমুজের ফলন ভালো হয়নি। তা ছাড়া এ অঞ্চলে তরমুজের দামও এ বছর কম।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর পোরশা ও সাপাহার উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার একর জমিতে তরমুজ চাষ হয়। পোরশায় ৪০০ একর এবং সাপাহারে প্রায় তিন হাজার ১০০ একর জমিতে তরমুজের আবাদ হয়। জেলার অন্যান্য উপজেলার তুলনায় এই দুই উপজেলায় তরমুজের আবাদ হয় বেশি। সাপাহারের মানিকুড়া গ্রামের কৃষক আজিবর রহমান, নুরুজ্জামান ও এনামুল হক এবং তাজপুর গ্রামের আবদুস ছালাম জানান, অন্যান্য বছর তাঁরা খেত থেকে সর্বনিম্ন আট থেকে ১৮ কেজি ওজনের তরমুজ পেয়েছেন। কিন্তু এ বছর এ এলাকার কোনো কৃষক আট কেজির বেশি ওজনের তরমুজ পাননি। উপরন্তু অধিকাংশ তরমুজে পোকা ধরেছে। হরিপুর গ্রামের কৃষক জুয়েল হোসেন জানান, এক বিঘা জমিতে তরমুজ চাষে তাঁর খরচ হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার টাকা। ওই খরচে অন্যান্য বছর এক বিঘা জমির তরমুজ বিক্রি করে তাঁদের আয় হয়েছে অন্তত এক লাখ ৩০ হাজার টাকা। কিন্তু এ বছর খেতে আগামরা রোগ দেখা দেওয়ায় এবং অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার করায় তাঁদের খরচ বেড়ে প্রায় ১৫ হাজার টাকায় দাঁড়িয়েছে। কিন্তু সে তুলনায় ফলন ভালো না হওয়ায় তাঁরা লাভবান হচ্ছেন না। সাপাহার উপজেলার মানিকুড়া গ্রামের কৃষক আজিবর রহমান জানান, প্রায় দুই যুগ ধরে তিনি তরমুজ চাষ করছেন। কিন্তু এ বছরের মতো লোকসানের মুখে আগে কখনো পড়েননি। তিনি আরও জানান, তাঁর ২২ বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ পর্যন্ত তরমুজ বিক্রি করে পেয়েছেন মাত্র ২০ হাজার টাকা। বাকি তরমুজ বিক্রির অযোগ্য হওয়ায় গত রোববার তিনি স্থানীয় লোকজনের গরু দিয়ে তাঁর খেতের ফল ও গাছ খাইয়েছেন। আজিবর আরও জানান, পোরশা ও সাপাহার অঞ্চলে কয়েক দিন ধরে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ পাঁচ টাকায়। অন্যান্য বছর এখানে এক কেজি তরমুজ আট থেকে ১০ টাকায় বিক্রি হতো। এ বছর তরমুজের আকার ছোট হওয়ায় ভালো দামও পাচ্ছেন না তাঁরা।সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম গোলাম ফারুক জানান, বাতাসে আর্দ্রতা কম থাকা এবং দিনে অতিরিক্ত গরম এবং রাতে অতিরিক্ত ঠান্ডা পড়ায় পোরশা ও সাপাহার অঞ্চলে এ বছর তরমুজের ফলন ভালো হয়নি। তরমুজচাষিরা এ বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীজে সমস্যা থাকার কারণেও এটি হতে পারে।