ফলন ও দাম দুটোই বেশি, হলুদচাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হলুদচাষিদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে প্রতি কেজি হলুদ ১৭ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকজন কৃষক বলেন, এই দামে হলুদ বিক্রি করে তাঁরা ধানের চেয়ে বেশি লাভ পাচ্ছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে ৭৯৭ একর জমিতে হলুদের চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।
গত শুক্রবার তারাগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, চাষিরা ১৭ টাকা কেজি দরে হলুদ বিক্রি করছেন। এ সময় বরাতি গ্রামের কৃষক সাইদুল হক বলেন, ‘মুই এবার ৫ হাজার টাকা খরচ করি ৫৫ শতক জমিতে হলুদ চাষ করছুং। হলুদ পাছুন ৪৫ মণ। প্রতি মণ ৬৮০ টাকা করি ৪৫ মণ হলুদ বেচাছুন ৩০ হাজার ৬০০ টাকা। খরচ বাদ দিয়া লাভ হইছে ২৫ হাজার ৬০০ টাকা।’
মেনানগর গ্রামের হলুদচাষি শহিদার হোসেন বলেন, ‘ধানের চেয়ে হলুদের আবাদোত লাভ হয় বেশি। এক একর জমিত ধান আবাদ করলে খরচ পড়বে ১৪-১৫ হাজার টাকা। খরচ বাদ দিলে লাভ থাকপে ১০-১২ হাজার টাকা। কিন্তুক এক একরে হলুদ আবাদ করতে খরচ নাগবে খালি ১১-১২ হাজার টাকা। আর বেঁচে পাওয়া যাইবে কম করি হইলেও ৪৫ হাজার টাকা। এতে লাভ থাকপে ৩৪ হাজার টাকা।’
জগদীশপুর গ্রামের কৃষক জিয়াউর রহমান বলেন, ‘আগোত মুই খালি ধানের চাষ করছুনুং। কিন্তু গত বছর হলুদ চাষ করি ধানের চেয়া দ্বিগুণ লাভ হইচে। এই জন্যে মুই এ্যালা মোর উঁচা জমিগুলোত খালি হলুদ আবাদ করোং। এইবার দুই একরোত হলুদ চাষ করি লাভ করছুং ৮০ হাজার ২০০ টাকা।’
এ ব্যাপারে জানতে চাইলে ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আগে ইকরচালী ইউনিয়নে কৃষকেরা শুধু ধানের চাষ করতেন। কিন্তু হলুদ চাষ শুরু হওয়ার পর সাত-আট বছরের মধ্যে এখানকার অনেক কৃষক ধান চাষ ছেড়ে দিয়ে হলুদের চাষ করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, হলুদ চাষে কোনো ঝুঁকি নেই। খেতে কোনো পোকা আক্রমণ করে না। পরিচর্যাও তেমন করা লাগে না। মার্চ মাসে জমি চাষ করে হলুদ রোপণ করা হয়। ফসল তোলা হয় নভেম্বর-ডিসেম্বর মাসে। একরে ১০০-১৩০ মণ হলুদ হয়।
এ ব্যাপারে উপজেলার কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, লাভ বেশি হওয়ায় কৃষকেরা ধান ও তামাক চাষ না করে উঁচু জমিতে হলুদ চাষ করছেন। এবার ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় হলুদচাষিরা খুব খুশি।