ফলন ভালো না হওয়ায় দুশ্চিন্তায় পাটচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে বোরোর পর এবার পাটের ফলনেও বিপর্যয় দেখা দিয়েছে। ফলে কৃষকেরা আর্থিক ক্ষতির সমঞ্চুখীন হবেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম বৃষ্টি এবং প্রচণ্ড খরায় পাটের চারা এবার তেমন বাড়েনি। পাট কাটার মৌসুম শুরু হলেও বেশির ভাগ জমিতে পাটগাছ পাঁচ-ছয় ফুটের বেশি বাড়েনি। এর বেশির ভাগই চিকন। গাছের কাণ্ডও শক্ত হয়নি। ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বিভিন্ন সংস্থার ঋণ ও সুদে টাকাপয়সা নিয়ে পাটের আবাদ করেছেন অনেক কৃষক। ফলন ভালো না হওয়ায় ঋণের টাকা পরিশোধ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২২ হাজার ২৬৬ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ৩৪৪ হেক্টর বাড়তি জমিতে পাটের আবাদ হয়েছে।কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের কৃষক রমজান মোল্যা বলেন, ‘বোরো ফলনে বিপর্যয়ের পর বড় আশা নিয়ে এবার ছয় বিঘে জমিতি পাট চাষ করিছিলাম। বৃষ্টির আশায় না থায়ে মেলা টায়া খরচ করে জমিতি সেচ দিছি। চারা গজানোর কিছুদিন পর আগাম বৃষ্টিতে চারাগাছগুলো বাড়তে পারেনি। জমিতি আগাছায় ভরে গেল। পরিষ্কারও করিছিলাম। কিন্তু পাটের চারা বাড়তি পারল না।’লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের কৃষক রেজাউল বিশ্বাস বলেন, ‘খেতের পাটগাছ নষ্ট হয়ে যাওয়ায় তা গরু দিয়ে খাওয়ায় দিছি।’ সদর উপজেলার চামরুল গ্রামের খায়রুল মোল্যা বলেন, ‘এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে এক একর ২০ শতক জমিতি পাট চাষ করিছিলাম। সার ও শ্রমিকের পেছনে মোট ২৫ হাজার টাহা খরচ হইছে। যে অবস্থা তাতে ১০ হাজার টাহার পাটও বিক্রি হইবে না।’নড়াইল কৃষি বিভাগের উপপরিচালক ছবিহরি দাস বলেন, টানা বর্ষণে ২০ শতাংশ জমির ধান পানিতে তলিয়ে যায়। আগাম ভারী বৃষ্টিপাতের কারণে এবার পাটের স্বাভাবিক বৃদ্ধিও বাধাগ্রস্ত হয়েছে। পাটগাছের কাণ্ডও শক্ত হয়নি। তাই পাটের ভালো আঁশ না পাওয়ার শঙ্কা করা হচ্ছে।