ফলন ভালো হলেও কৃষকের মুখ মলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চলতি মৌসুমে বোরোর ভালো ফলন হলেও কৃষকের মুখ মলিন। কারণ ধান বিক্রি করে তাঁদের উৎপাদন খরচই উঠবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলার ২৯ হাজার ৭২৭ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ২৬৯ হেক্টর।চলতি মৌসুমে ফেনী সদর উপজেলায় নয় হাজার ৪৬৬ হেক্টর, ছাগলনাইয়ায় ছয় হাজার ১৩২ হেক্টর, ফুলগাজীতে চার হাজার ২২২ হেক্টর, পরশুরাম উপজেলায় তিন হাজার ৭০৭ হেক্টর, দাগনভূঞায় পাঁচ হাজার ৪০০ হেক্টর ও সোনাগাজীতে ৮০০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়।চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১৭ হাজার ৬৭০ মেট্রিক টন। এবার ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা বলেন, মাঠে ভালো ফলন দেখে কৃষকের মুখেও হাসি ফুটে ওঠে। কিন্তু বাজারে দাম দেখার পর হাসি মিলিয়ে গেছে।

মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলায় পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে।ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকার কৃষক সফি উল্যা বলেন, তিনি দুই একর জমিতে বোরো আবাদ করেছেন। ইতিমধ্যে কিছু জমির পাকা ধান কেটেছেন। তিনি বলেন, একজন কৃষিশ্রমিককে তিন বেলা খাওয়ানোর পর তাঁকে দৈনিক ৪০০ টাকা দিতে হয়।কৃষক সফি উল্যার হিসাব অনুযায়ী, প্রতি মণ ধানের উৎপাদন খরচ ৬০০ টাকার বেশি। কিন্তু বাজারে প্রতি মণ (৪০ কেজি) ধান বিক্রি হচ্ছে ৫০০ টাকা করে।কয়েকজন কৃষক বলেন, এভাবে লোকসান হলে কৃষকেরা আর ধান উৎপাদন করতে উৎসাহী হবেন না। কৃষকেরা জানান, সরকারিভাবে এখনো ধান কেনা শুরু হয়নি।ফেনী সদর উপজেলার কাতালিয়া গ্রামের কৃষক নুর নবী বলেন, মাঠে ধানের ভালো ফলন দেখে কৃষকেরা এবার বেশ খুশি হন। কিন্তু বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকদের মুখ মলিন হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনীল চন্দ্র ধর বলেন, ভালো ফলন হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তাঁরা আশা করছেন।