ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ পানচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার মিষ্টি পান চাষে ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। তাঁরা বলেছেন, এবার পানে লোকসান গুনতে হবে অনেক চাষিকে। খোঁজ জানা গেছে, কয়েক যুগ ধরে বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ির ঢালু ও আবাদি কৃষিজমিতে পান চাষ করে আসছেন চাষিরা। কৃষিজমিতে পান চাষ অক্টোবর-নভেম্বর মাসে শুরু হয়ে তা মে মাসে শেষ হয়। আর পাহাড়ি এলাকায় পান চাষ যেকোনো সময় করা যায় বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন। সম্প্রতি পানের হাট টাইম বাজার গিয়ে দেখা যায়, বেচাকেনা করতে শতাধিক চাষি পান নিয়ে বাজারে বসেছেন। চট্টগ্রাম, বাঁশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে পান কিনে নিচ্ছেন।কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার পানচাষি রুহুল আমিন (৪৫) বলেন, দেড় মাস আগে যে পান বাজারে প্রতি বিড়া ২২০ থেকে ২৫০ টাকায় বেচাকেনা হয়েছে, সে পান বিক্রি হচ্ছে এখন মাত্র ৬০-৭০ টাকায়। শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার পানচাষি আবদুল কাদের ও আবদুর রহিম জানান, কৃষিজমিতে অক্টোবর মাসে পান চাষ করার শুরুতেই অতিবৃষ্টির কারণে পানের বরজ নষ্ট হয়ে যায়। এতে পানচাষিরা একটি পানের বরজে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতির সমঞ্চুখীন হন।