ফলনে কৃষকের মুখে হাসি, দামে মলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এখন বোরো ধান উঠতে শুরু করেছে। এবার ইরি-বোরোর ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছিল। তবে বিক্রির জন্য হাট-বাজারে ধান নিয়ে গেলে কৃষকের সেই হাসি মলিন হয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার ধানের দর মণপ্রতি ১৫০ থেকে ১৮০ টাকা কম।
দেশে বাম্পার ফলন হওয়ার পরও ভারত থেকে চাল আমদানি, হরতাল-অবরোধ ও আমন মৌসুমের ফলন এখনো গুদামে মজুত থাকায় এবার বোরোর দাম পাচ্ছেন না কৃষক।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায়, সবে ইরি-বোরো মৌসুমের ধান বাজারে ওঠা শুরু হয়েছে। গতকাল বুধবার ধাপ সুলতানগঞ্জ হাটে কথা হয় ধান বিক্রি করতে আসা উপজেলার কোলগ্রামের কৃষক ইয়াছিন আলীর সঙ্গে। তিনি বলেন, গত আমন মৌসুমের ধান এখনো গৃহস্থের ঘরে মজুত আছে। এখন আগাম লাগানো ইরি-বোরো কাটছেন কৃষকেরা। তবে ধানের দাম গত বছরের তুলনায় অনেক কম। দাম না পেয়ে অনেক কৃষকই ধান নিয়ে ফেরত যাচ্ছেন।
একই হাটে ধান বিক্রি করতে আসা জিয়ানগরের কৃষক বাকী বিল্লাহ বলেন, ‘গত বছর বোরো ধান বাজারে তোলার পরপরই ৭৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু এবার নতুন ধান হাটে এনে বিপদে আছি। আজ (গতকাল) ধানের বাজার ৬০০ টাকা।’ তিনি আরও বলেন, মোটা জাতের বিআর-২৮ ও বিআর-২৯ ধানের পাইকারই নেই। যে দু-একজন পাইকার এ জাতের ধান কিনছেন, তাঁরা মণপ্রতি ৪১০ টাকা দিচ্ছেন। গত বছর এ জাতের ধানের দর ছিল ৫৮০ টাকা। এ অবস্থা চলতে থাকলে কৃষকেরা বোরো চাষের খরচই তুলতে পারবেন না। জমি পত্তনি বা বর্গা নিয়ে আবাদ করা গরিব কৃষকেরা ঋণ শোধ করতে হিমশিম খাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, এবার উপজেলায় ১৩ হাজার ৪২৮ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও ফসলের রোগবালাই না হওয়ায় ধানের বাম্পার ফলন হয়।
উপজেলা বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন আহম্মেদ বলেন, ‘দেশে ফলন ভালো হওয়ার পরও সরকার এবার ভারত থেকে চাল এনেছে। এতে বাজারে দেশি চালের দাম পড়ে গেছে। উপজেলার অধিকাংশ চালকল ও চাতাল বন্ধ হয়ে গেছে। এত লোকসানের পর ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ কীভাবে শোধ করবে আল্লায় জানে।’
হাটে ধান কিনতে আসা মেসার্স তাবাসসুম চালকলের মালিক শরিফুল ইসলাম বলেন, গত আমন মৌসুমের ধান-চাল এখনো চাতাল ব্যবসায়ীদের গুদামে রয়ে গেছে। ব্যবসায়ীরা মোকামে চাল বিক্রি করতে পারছেন না। আগের মজুত চাল বিক্রি করতে না পারলে চাতাল ব্যবসায়ীদের পক্ষে নতুন করে ধান কেনা সম্ভব হবে না।
দুপচাঁচিয়ায় চাল মোকামের আড়তদার মেসার্স গৌতম রাইস মিলের মালিক গৌতম বসাক বলেন, অন্য বছর এ সময় বিভিন্ন জেলার চালের মোকামে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক চাল সরবরাহ করা হতো। এবার কোনো মোকামেই চালের চাহিদা নেই। এবার হরতাল-অবরোধেই চালের বাজারে ধস নেমেছে।