ফলনে খুশি, দামে নাখোশ চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের তিন জেলার প্রায় ৩০টি গ্রামের পেয়ারা বাগানে এ বছর ভালো ফলন হয়েছে। সে অনুযায়ী ভালো দাম না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এতে অনেকেই হতাশ। বিভাগটির তিন জেলা বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের প্রায় আট বর্গকিলোমিটারজুড়ে রয়েছে দুই হাজারের বেশি পেয়ারা বাগান। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর, নবগ্রাম; পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর, কুড়িয়ানা ও জলাবাড়ী এবং বরিশালের বানারীপাড়া উপজেলার কয়েকটি গ্রামে এসব বাগান রয়েছে। আটঘর ও কুড়িয়ানার পেয়ারা বাগানের পরিচিতি ও সুখ্যাতি বেশি।এলাকাবাসী ও স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পেয়ারা চাষের সঙ্গে প্রায় পাঁচ হাজার পরিবারের ৩০ হাজার মানুষের জীবিকা জড়িত। বাগান পরিচর্যা, গাছ থেকে পেয়ারা সংগ্রহ, পাইকারি বাজার বা মোকামে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ট্রলার ও ট্রাকে ওঠানোর কাজে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক।সম্প্রতি কুড়িয়ানা এলাকার আদমকাঠি, অন্দকুল, জিন্তাকাঠি ও আটঘরের বিভিন্ন এলাকার পেয়ারা বাগানে গেলে বাগানের মালিক ও চাষিরা জানান, যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকায় এবং সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা আশানুরূপ দামে পেয়ারা বিক্রি করতে পারছেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। তাঁদের হিসাব অনুযায়ী, এবার প্রায় দেড় হাজার বিঘা জমিতে পেয়ারা চাষ হয়েছে। পেয়ারার মৌসুমে গড়ে প্রতিদিন ছয় হাজার মণ পেয়ারা পাওয়া যায়। এক মৌসুমে কমপক্ষে চার লাখ ৫০ হাজার মণ পেয়ারা উৎপন্ন হয়।পেয়ারা চাষ ও ব্যবসাকে কেন্দ্র করে ওই এলাকায় গড়ে উঠেছে ৩৫টিরও বেশি মোকাম। এসব মোকামের বেশির ভাগ রয়েছে ভিমরুলী, ডুমরিয়া, শতদশকাঠি, আটঘর, রাজাপুর, ব্রাহ্মণকাঠি, রায়েরহাট, কুড়িয়ানা, জিন্দাকাঠি, আন্দাকুল ও বাউকাঠিতে। পেয়ারাচাষি সুখরঞ্জন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমার চারটি বাগান আছে। এসব বাগানে প্রায় ১০০ মণ পেয়ারা পাওয়া যাবে বলে আশা করছি। কিন্তু দর কম থাকায় বাজারে মাত্র ৮০ টাকা মণ দরে পেয়ারা বিক্রি করতে হচ্ছে। গাছ থেকে পেয়ারা পাড়া থেকে শুরু করে আড়ত পর্যন্ত নিতে যে খরচা পড়ে, এতে লাভ বলে কিছুই থাকে না। দাম না বাড়লে সমস্যায় পড়তে হবে।’ঢাকার যাত্রাবাড়ী এলাকার পাইকারি ব্যবসায়ী মো. সাহেদ আলী বলেন, ‘আমি প্রতিদিন ৮০ থেকে ১০০ টাকা মণ ধরে গড়ে ১০০ মণ পেয়ারা কিনে ঢাকায় পাঠাই। ঢাকার বাজারে ১০ থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি করি।’ আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখর শিকদার বলেন, যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় চাষিরা আড়তদারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। পেয়ারা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত বিক্রি করতে গিয়ে প্রকৃত দাম পাচ্ছেন না তাঁরা।ঝালকাঠি সদর উপজেলার জগদীশপুর গ্রামের গোপাল হালদার বলেন, এ অঞ্চলে পেয়ারা সংরক্ষণে হিমাগার না থাকায় পেয়ারা পাকতে শুরু করলে দ্রুত বাজারজাত করতে হয়। এতে সঠিক মূল্যের চেয়ে কম দরে বিক্রি করতে হয়।উপজেলার শতদশকাঠির গ্রামের সুখেন হালদার বলেন, ‘আমার ৩০ শতাংশ জমিতে পেয়ারার বাগান রয়েছে। গত বছর পেয়ারা ৭০ থেকে ৮০ টাকা মণ ধরে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হই। একপর্যায়ে মনের দুঃখে পেয়ারা খালের পানিতে ভাসিয়ে দিয়েছিলাম।’বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আহমেদ হাসিব মোল্লা বলেন, গাছে পেয়ারার ফুল আসতে শুরু করলে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তারা এসব বাগানে পরিচর্যাবিষয়ক প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন। তবে ফল বাজারজাত করার ব্যাপারে আমাদের কিছু করার নেই। ওই এলাকায় হিমাগার ও জেলি তৈরির কারখানা গড়ে উঠলে চাষিদের জন্য তা কাজে লাগবে।