ফলনে হাসি দামে মলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতে ধান কাটতে গিয়ে ফলন দেখে কৃষকের মুখে হাসি। তবে হাটবাজারে ধান বিক্রি করতে গিয়ে দর কম দেখে অনেকেরই হাসি মুখটি মলিন হয়ে যাচ্ছে।
কৃষকেরা অভিযোগ করেন, এক সপ্তাহের ব্যবধানে ধানের দর মণপ্রতি ৫০-৬০ টাকা কমে গেছে। চাতাল ব্যবসায়ীরা জানান, সরকার এ মাসে ধান-চাল সংগ্রহ করবে এমন ঘোষণা দেওয়ার পর থেকে ধানের বাজার দর বেশি ছিল। কিন্তু ধান-চাল সংগ্রহ বন্ধ থাকায় ধানের বাজার দর কমে গেছে।
গত বুধবার ধাপসুলতানগঞ্জ হাটে গিয়ে কথা হয় জিয়ানগর গ্রামের কৃষক আবদুস সোবহানের সঙ্গে। তিনি জানান, এবার আমন মৌসুমে প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না। ধানগাছে রোগবালাই কম ছিল। ফলে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধান কাটার ভরা এ মৌসুমে হাটবাজারে হঠাৎ করে ধানের বাজার মণপ্রতি ৫০-৬০ টাকা কমে গেছে। সরকার নভেম্বরের শুরুতে ধান-চাল সংগ্রহ শুরু করলে গরিব কৃষকেরা কিছুটা লাভবান হতো।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, গত বছর এ সময় ধান-চাল কেনার জন্য সরকার চালকলের মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। দুপচাঁচিয়া ও কাহালু উপজেলায় ৭৫৪টি চালকল এবং ১১টি স্বয়ংক্রিয় চালকল রয়েছে। দুই উপজেলায় গত বছর আমন মৌসুমে আট হাজার ৮৫ মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। কিন্তু এবার এখন পর্যন্ত ধান-চাল সংগ্রহে সরকারের কোনো সিদ্ধান্ত না থাকায় ধানের দর কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকেরা।
হাটে ধান কিনতে আসা মেসার্স খাজা চালকলের মালিক নাজমুল আরেফিন জানান, ১০-১২ দিন আগেও ধানের দর ছিল ৭৫০-৭৬০ টাকা, আজ (বুধবার) ভেজা রঞ্জিত জাতের ধান ৬৯০ টাকা এবং শুকনা ধান ৭১০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কিন্তু কয়েক দিন ধরে ধানের দর হঠাৎ করে কমে গেছে। চাতাল ব্যবসায়ীদের ঘরে গত ইরি মৌসুমের ধান-চাল এখনো মজুত রয়েছে। আট-দশ দিন ধরে চাতাল ব্যবসায়ীরা কোনো চাল বিক্রি করতে পারছেন না।
দুপচাঁচিয়া চালের আড়তদার মেসার্স গৌতম রাইস মিলের মালিক গৌতম বসাক জানান, এ সময় বিভিন্ন জেলার চালের মোকামে প্রতিদিন ২০-২৫ ট্রাক চাল সরবরাহ হতো। কিন্তু এবার একই সময়ে কয়েক দিন ধরে কোনো বেচাকেনা নেই। চালের বাজার হঠাৎ করে কমে গেছে।
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোবারক আলী জানান, প্রতিবছর মৌসুমের শুরুতে সরকার ধান-চাল সংগ্রহ করে। এ সময় সরকার ধান-চাল সংগ্রহ শুরু করলে প্রান্তিক কৃষকেরা দুটা পয়সা দেখতে পেত। ধানের বাজার কম হওয়ায় বড় ব্যবসায়ীরা এবং মজুতদারেরা লাভবান হচ্ছেন।
কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হান্নান বলেন, ‘সরকারের ধান-চাল সংগ্রহের কোনো চিঠিপত্র এখন পর্যন্ত পাইনি। তবে গত মৌসুমে ২৮ টাকা কেজি দরে চাল কেনা হলেও এবার সরকার ৩২ টাকা দরে কিনবে বলে সিদ্ধান্ত রয়েছে। তবে এ সময় চাল সংগ্রহ শুরু হলে প্রান্তিক কৃষকেরা লাভবান হতেন।’